২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোল পাননি গোলাম আজম

পুলিশ নিরাপত্তার নিশ্চয়তা না দেয়ায় গোলাম আযমকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার ছেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার গোলাম আযমের ছোট ভাই মাহদি উজ্জামান মারা যান (৭৭)। শনিবার বিকেলে ভাইয়ের জানাজায় অংশ নিতে গোলাম আজমকে প্যারোলে মুক্তি দেয়ার আবেদন করা হয়।

গোলাম আজমের বড় ছেলে আব্দুল্লাহ হিল আমান আজমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাচার  মৃত্যুতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আবেদন করা হয়েছিল। আমরা শনিবার বিকাল পযর্ন্ত আশায় ছিলাম।কিন্তু বাবাকে প্যারোল দেয়া হয়নি।

কেন দেয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে গোলাম আজমের আইনজীবীকে জানানো হয়- পুলিশ নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি।তাই প্যারোল দেয়া হয়নি।”

অবশ্য এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

কারাগারেও মন্ত্রণালয় থেকে কোনো কাগজপত্র যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী।

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম বার্ধক্যজনিত রোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। 

২০১১ সালের ১১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর ছোট বোনের মৃত্যুতে গত বছরের ১ ডিসেম্বর একবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন গোলাম আজম।