রিমান্ড থেকে হাসপাতালে বিএনপি নেতা শাহজাহান
পুলিশ হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে শুক্রবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
দলের নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে বুকে ব্যাথা অনুভব করায় তাকে হাসপাতালের কার্ডিয়াক বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমাণ্ডে নেওয়ার পর জানা যায় তিনি একজন প্রেসারের রোগী। তাকে পুলিশের পক্ষ থেকে সময়মতো চিকিৎসাও দেয়া হয়েছে।
“শুক্রবার তিনি অসুস্থতা অনুভব করায় ডাক্তার ডেকে আনা হয় এবং সেসময় তার প্রেসার স্বাভাবিক ছিল। এরপরে ডাক্তারের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
গত ১১ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানে মোহাম্মদ শাহজাহানসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মহানগর মুখ্য হাকিম আদালত আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়।
বৃহস্পতিবার মোহাম্মদ শাহজাহানসহ বাকিদের পল্টন মডেল থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে শুক্রবার সকালে নেয়া হয় বেইলি রোড়ের গোয়েন্দা দপ্তরে।
