২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনে জিততে সীমানা পুনর্নির্ধারণের ষড়যন্ত্র’

আগামী নির্বাচনে জয়ী হতে সরকার নিজেদের মতো করে সীমানা পুনর্নির্ধারণ করার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের কাছে খবর আছে, সীমানা পুনর্নির্ধারণে সরকার প্রভাব বিস্তার করছে। ৮৭টি নির্বাচনী আসনের মধ্যে ১৭টি আগের অবস্থানে রাখতে হবে বলে তারা (সরকার) নির্বাচন কমিশনকে বলেছে।”

“সরকারি দল আগামী নির্বাচনে জয়লাভ করার সুবিধা নিতে তাদের পছন্দমতো সীমানা পুনর্নির্ধারণ করছে। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সর্তক থাকার আহবান জানাচ্ছি।”

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনীকে অন্তর্ভুক্ত করার জন্য বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেয় বিএনপি। নির্বাচন কমিশনের সংলাপে না গেলেও চিঠি দিয়ে আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চেয়েছে দলটি।

আরপিওতে বেশ কিছু সংশোধনী আনার লক্ষ্যে ইতোমধ্যে খসড়া তৈরি করেছে ইসি। এর আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপের আয়োজন করলেও প্রধান বিরোধী দলসহ সমমনা কয়েকটি দল তাতে অংশ নেয়নি। দশম সংসদ নির্বাচনের জন্য গত ৬ ফেব্রুয়ারি আসনের সীমানার খসড়াও প্রকাশ করেছে কমিশন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ের আগে স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঠিক করতে দলের এক যৌথসভা হয়।

স্বাধীনতা দিবসে বিএনপির দুইদিনের কর্মসূচির মধ্যে আছে- ২৫ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিকালে আলোচনা সভা এবং পরদিন ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা প্রকাশ এবং সকাল ৮টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।

নয়া পল্টনের কার্যালয় থেকে আটক ১৫১ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়ার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার অন্যায়ভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর করে নেতাদের গ্রেপ্তার করেছে। তাদের জামিন পর্যন্ত দেয়া হয়নি। উপরন্তু ১৫১ জন নেতা-কর্মীকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়েছে। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই।”

ঝিনাইদহে মহেশপুরে পুলিশের গুলিতে দুইজনকে নিহতের ঘটনাসহ সম্প্রতি বিভিন্ন স্থানে ‘গণহত্যার’ ঘটনাবলী প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে ফখরুল ইসলাম বলেন, “বিরোধী দল করলে কিংবা ভিন্নমত পোষন করলে যদি পুলিশ গুলি করে মারে, তা হলে এদেশে বসবাস করা কঠিন হয়ে পড়বে।”

সংবাদ ব্রিফিঙে অন্যানের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবুর রহমান সারোয়ার, গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী, কাজী আসাদুজ্জামান, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, হাবিবুল ইসলাম হাবিব, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।