২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির মৃত্যুতে হরতাল স্থগিত করেছে বিএনপি

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ঢাকা জেলা বিএনপি তাদের বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ঢাকা মহানগর বাদে পাঁচটি উপজেলায় এই হরতাল হওয়ার কথা ছিল।

বুধবার বিকালে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানার পর এই হরতাল স্থগিত করা হয়। 

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের রাষ্ট্রপতি মারা গেছেন। তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

“তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি আপতত স্থগিত করছি।”

পরে নতুনকরে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নান।

ঢাকা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ গত ১১ মার্চ দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই হরতালের ডাকা হয়।

এদিকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বুধবার কেরানীগঞ্জে মিছিলে সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল।

তিনি বলেন, সন্ধ্যায় জিঞ্জিরার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়েছিল। মনু ব্যাপারীর ঢালে পথসভার সময় ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়।

হামলায় ১০ জন আহত হন বলে ছাত্রদল নেতা জানান।

তবে কেরানীগঞ্জ থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই সময়ে ছাত্রলীগ-যুবলীগ এবং ছাত্রদলের মিছিল হয়। তবে কোনো গোলযোগ হয়নি।