২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজ্ঞাবান রাজনীতিক হারাল দেশ: খালেদা

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, রুচি ও প্রজ্ঞার সঙ্কটের এই সময়ে দেশ একজন সুবিবেচক রাজনীতিককে হারাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার বিকালে গণমাধ্যমে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জেনে এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা একথা বলেন।

রাষ্ট্রপতির মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে প্রচার না করা, তার অসুস্থতার খবর বুলেটিন আকারে প্রকাশ না করা এবং তার চিকিৎসার তদারকিতে কোনো মন্ত্রীকে সিঙ্গাপুরে না পাঠানোয় সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

খালেদা জিয়া শোকবার্তায় বলেন, “এই মৃত্যুতে বাংলাদেশ এক অভিজ্ঞ, মননশীল ও সুবিবেচক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল।

“রুচি ও প্রজ্ঞার প্রকট অভাবের এই সময়ে তার মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করল, তা সহজে পূরণ হবার নয়।”

আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা জিল্লুর রহমানকে মিতবাক, ভদ্র, নম্র একজন ভালো মানুষ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তিনি কখনো আক্রমণাত্মক ও অশালীন মন্তব্য করতেন না।”

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, “গণমাধ্যম মারফত রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি গভীরভাবে শোকাভিভূত। আমার নিজের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শোকার্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

জিল্লুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ইতিহাস তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “বিভিন্ন ক্রান্তিলগ্নে তার ইতিবাচক ভূমিকা আমাদের জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, “দোয়া করি, আল্লাহ রাব্বুল আল আমিন যেন তাকে বেহেশত নসিব করেন।”

রাষ্ট্রপতির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান বিএনপি চেয়ারপারসন।