‘সরকার পুলিশের হত্যার দায় দিচ্ছে বিরোধী দলকে’
পুলিশ গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করেছে অভিযোগ করে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ বলেছেন, এ হত্যাকাণ্ডের জন্য সরকার বিরোধী দলকে দায়ী করছে।
আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন চিকিৎসক সমাজ’র উদ্যোগে আয়োজিত একটি মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, “সরকারের পুলিশ বাহিনী গুলি করে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। পুলিশের গুলিতে ১৬০ জন মানুষ নিহত হয়েছে।"
“ডিসি, এসপি, পুলিশ-র্যাব বাহিনী- সবই সরকারের। এখন প্রধানমন্ত্রী বলছেন, ওই গণহত্যার দায় বিরোধী দলের। নিজেরা মানুষের হত্যা করে বিরোধীদলকে দায়ী করবেন, তা জনগণ মেনে নেবে না।”
যুদ্ধাপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় দলটির নেতাকর্মীরা। পুলিশ ফাঁড়ি, থানা ও হিন্দুদের বসত-বাড়ি ও উপসনালয়ও তাদের হামলার শিকার হয়।
এ সময় তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সত্তর জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ অাখ্যা দিয়ে ক্ষমতায় গেলে তার বিচার করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনাল গঠন করে ওইসব ‘গণহত্যা’ বিচার করা হবে।”
এদিকে, একই স্থানে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামের আরেকটি সংগঠনের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।
তারা নিজেদের ‘ব্যর্থতা’ ঢাকতে নানা রকম ছলচাতুরি ও কলা-কৌশল করে বিরোধীদলের ওপর ‘অপকর্মের’ দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, “এভাবে কলাকৌশল করে নির্দলীয় সরকারের দাবিকে চাপা দেয়া যাবে না। সরকারকে বলব, গণহত্যা ও হানাহানি বন্ধ করুন। নইলে আমরা বাধ্য হবো, আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে।”
দুই মানববন্ধনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম দোলন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মো. হানিফ, হেলেন জেরিন খান, ফরিদা মনি শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
