২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রী সংস্থার ১৬ সদস্য আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়ি থেকে ইসলামী ছাত্রী সংস্থার ১৬ সদস্যসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

ফতুল্লা মডেল থানার এএসপি মাসুমুজ্জামানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকালে ফতুল্লার ভুঁইগড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ইসলামী ছাত্রী সংস্থা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন।

অভিযানে অংশ নেয়া ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকাল ৪টার দিকে ভূইগড়ে কেফায়েতউল্লার বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকদের মধ্যে বাড়ির মালিকের ছেলে-মেয়েও আছে।

ওসি আরো জানান, তাদের কাছ থেকে পাসপোর্টের আদলে তৈরি ‘পরকালের পাসপোর্ট’ এর মত খাতা, ইসলামী ছাত্রী সংস্থার বিপুল সংখ্যক সদস্য ফরম, পুস্তিকা, ছাত্রী সংস্থার গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন খাতা ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

ওই বাসায় নারীদের শিবির ও জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করতে বিভিন্ন ধরনের উদহারণ ও পরামর্শ দিয়ে ‘মগজ ধোলাই’ করা হচ্ছিল বলেও জানান অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তারা।

যাদের আটক করা হয় তারা হলেন- কলি আক্তার, মুক্তা, আয়েশা, নাসিমা, আসমা, নিলা, শায়লা, কানিজ ফাতেমা, নাসিমা, নাসরিন, নিলুফা, মেহেরুন নেসা, মালেকা, উর্মি আক্তার, কেফায়েতউল্লার দুই মেয়ে ইডেন কলেজের ছাত্রী ফাহিমা ও সরকারী মহিলা কলেজের ছাত্রী লতিফা এবং দুই ছেলে রুহুল আমিন ও ফয়সাল।