২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা খুন, বিএনপি কার্যালয়ে আগুন

বিএনপির নেতৃত্বে জোটের হরতাল চলাকালে টাঙ্গাইলের গোপালপুরে হরতাল সর্মথকদের হামলায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

পুলিশ জানায়, এরপর উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

সকালে কোনাবাড়ির আবুঙ্গী এলাকায় হামলায় নিহত হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন (২৫)।

ইমরান ঢাকা কলেজের স্নাতক (সন্মান) বাংলা শেষ বর্ষের ছাত্র এবং দক্ষিণ গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের মহাইল গ্রামের একামত আলীর ছেলে।

গোপালপুর থানার ওসি মনির হোসেন বলেন, সকালে হরতালের বিপক্ষে ও পক্ষে কোনাবাড়ি আবুঙ্গী এলাকায় সড়কের একপাশে আওয়ামী লীগ ও অন্যপাশে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নেন।

দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিএনপি সমর্থকরা ইমরান হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, এই ঘটনার জেরে বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ সমর্থকরা টাঙ্গাইল শহরে লাঠি মিছিল বের করে।

উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বলেন ওসি মনির।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেলা আড়াইটার দিকে ইমরান হোসেনের মরদেহ গোপালপুর নেয়া হয়েছে।

বাদ আসর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নামাজে জানাজা শেষে মহাইলে গ্রামের বাড়িত হবে দ্বিতীয় জানাজা।

এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পুরনো খবর:

যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখার অপেক্ষায় ছিলেন ইমরান
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা