২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণগ্রেপ্তার-গণহত্যায় আন্দোলন তীব্রতর হবে’

বিরোধী দলকে দমনে সরকার ‘গণগ্রেপ্তার ও গণহত্যা’ চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধ করার দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার বলেন, “গণগ্রেপ্তার ও গণহত্যা বন্ধ না হলে আন্দোলন তীব্রতর হবে।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে দেশব্যাপী টানা দুই দিনের হরতালের শেষ দিন মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই বিএনপি নেতা।

সালাহউদ্দিন আহমেদ জানান, রাতে গুলশানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক রয়েছে । ওই বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।

আগের দিনের মতো মঙ্গলবারও নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের চারপাশে পুলিশের সতর্ক পাহারা রয়েছে। কার্যালয়ের প্রধান ফটকের কলাপসিবল গেট ভেতর থেকে বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ কয়েকজন নেতাকর্মী।

সকাল থেকেই নয়া পল্টন এলাকায় সড়কে যান চলাচল কম। এ এলাকার বিপনীবিতানগুলোও বন্ধ রাখা হয়েছে।

দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা ছাড়াও র‌্যাব সদস্যরা অবস্থান করছে। কাছাকাছি স্থানে রয়েছে পুলিশের সাঁজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান।

দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে পুলিশ-র‌্যাব ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ হরতালে ১৮ দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। রাজশাহীসহ বিভিন্ন স্থানে মিছিলে গুলিবর্ষণ করেছে পুলিশ।

“সরকার দুর্নীতি ও অপশাসনের ব্যর্থতা ঢাকতেই এভাবে বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারকে অবশ্যই নির্দলীয় সরকারের গণদাবি মেনে নিতে হবে।”

গত ১১ মার্চ বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সামনে হাতবোমার বিস্ফোরণে ১৮ দলীয় সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর বিএনপির কার্যালয় থেকে বিরোধীদলীয় চিফ হুইপসহ দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তাদের মুক্তি দাবিতে সোম ও মঙ্গলবার এই হরতালের ডাক দেয় বিরোধীদলীয় জোট।