২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বিবর্জিত’

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বিবর্জিত’ বলে অভিহিত করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “বিরোধী দল নয়, সরকারই দেশে রক্তপাত ঘটাচ্ছে। গত কয়েক সপ্তাহে গণহত্যা চালিয়ে এই সরকারের হাত রক্তে রঞ্জিত করে ফেলেছে।’’

এর আগে বিকালে আওয়ামী লীগের ওই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে চান।

তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা বলেন।

দুইদিনের টানা হরতালের প্রথম দিনের ঘটনাপ্রবাহ জানাতে সন্ধ্যায় নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

গত শনিবার সিঙ্গাইরের জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, “এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে।”

Image
নয়া পল্টনে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্যে সাম্প্রদায়িক সন্ত্রাসের পেছনে ক্ষমতাসীনরাই মদদ দিয়েছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ০৫, ২০১২

নয়া পল্টনে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্যে সাম্প্রদায়িক সন্ত্রাসের পেছনে ক্ষমতাসীনরাই মদদ দিয়েছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ০৫, ২০১২

এর জবাবে শেখ হাসিনা বলেন, “তিনি দুই বারের প্রধানমন্ত্রী। তিনি কীভাবে মানুষের রক্ত চান? যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তিনি আরো জীবন নেবেন! আর কত রক্ত নেবেন?

“মানুষের রক্ত নেয়া উনাদের চরিত্র, রক্ত নিয়ে উনি ক্ষমতায় যেতে চান, বাংলাদেশকে ধ্বংস করে মসনদে বসতে চান। উনার রক্ত পিপাসা এখনো মেটেনি।”

মির্জা ফখরুল প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশের ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে নতুন কিছু নেই। দেশের মানুষ এই বক্তব্যে ‘হতাশ’ হয়েছে বলেও তিনি দাবি করেন।

তরুণ প্রজন্ম দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম ভাষায় কথা শুনতে চায় না বলেও তিনি দাবি করে।

বিএনপির এই মুখপাত্র বলেন, “এই প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন তিনিই চট্টগ্রামে বলেছিলেন, একটি লাশের বদলে ১০টি লাশ চাই। তারই নির্দেশে ঢাকায় গান পাউডার দিয়ে বাসে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করা হয়েছিলো।’’

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ১৯৮২ সাল থেকে টানা ৯ বছর স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, এই সরকারকে দূর্বার আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।