২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতালে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ

বন্দরনগরীতে ঢিলেঢালা হরতালের শেষ বেলায় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাংচুর করে উত্তাপ ছড়ানোর চেষ্টা করেছে বিএনপি কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 01:08 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

বিক্ষিপ্তভাবে পিকেটিং এবং নাশকতার চেষ্টার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুইদিনের হরতালের প্রথম দিন শেষ হয়।

সোমবার সকালে হরতালের শুরুতে নগরীর মোমিন রোড, এনায়েত বাজার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ এবং টাইগারপাস ও বাকলিয়া এলাকায় অটোরিকশা ভাংচুর করে হরতাল সমর্থকরা। এছাড়া নগরীর সার্সন রোডে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টাও করে তারা।

সকাল থেকেই নগরীতে ভারী যানবাহন চলাচল ছিল কম, তবে বিকাল থেকেই নগরীতে অটোরিকশা, টেম্পু ও রিকশা চলাচল প্রায় স্বাভাবিক হয়ে আসে। কোথাও কোথাও বাস-ট্রাক চলাচল করতে দেখা যায়।

সকাল থেকেই নগরীর নূর আহম্মদ সড়কস্থ নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সরব থাকলেও অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে বিকালে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে প্রথম দিনের সমাবেশ শেষে একটি মিছিল বের করে। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এনায়েত বাজার মোড় দিয়ে ঘুরে আসার সময় মিছিলের পেছন থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

একইস্থানে দুপুরে বিএনপিকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছিল। 

নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ‘জালেম’ সরকারের সময় শেষ, জনগণ সরকার পতনের আন্দোলনে শামিল হয়েছে। তিনি ঢাকায় গ্রেপ্তার দলীয় নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর সহ-সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

হরতালের প্রথম দিনে নগরী থেকে দূর পাল্লার কোন বাস না ছাড়লেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তৈরি পোশাক কারখানা ও চট্টগ্রাম বন্দরে কাজকর্ম চলেছে।

সকালে চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজারের বাথরুমে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা চালায় হরতালকারীরা।

ম্যানেজার শামসুল আলম জানান, সকালে স্টেশন ম্যানেজারের কক্ষের সংযুক্ত বাথরুমের জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগানো হয়। তবে তা বেশিদূর ছড়াতে পারে নি।