২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের মেস থেকে জিহাদী বই উদ্ধার

আওয়ামী লীগ নেতার রগ কাটার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত একটি কথিত ছাত্রবাসে তল্লাশি চালিয়েছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ সময় মহানন্দা নামের ওই ছাত্রাবাস (মেস) থেকে কয়েকশ জিহাদী বই, লিফলেট, কর্মপরিকল্পনার নথি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর মালামাল উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ জামানের নেতৃত্বে এ তল্লাশি চালানো হয়।

রোববার রাতে শিবিরের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের দু’পায়ের রগ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও মির্জাপুর নাজমুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল হোসেনের হাতের রগ কাটে এবং ৩০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুহুল আমিনকে জখম করে।

শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই ঘটনার পরই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।

মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদ পেয়ে আমরা শিবির নিয়ন্ত্রিত বিনোদপুর বাজারের পাশে একটি কথিত ছাত্রবাসে (মহানন্দা) তল্লাশি শুরু করি।”

তিনি বলেন, এখানে ছিল শিবিরের দুর্গ হিসেবে পরিচিত ওয়েলফেয়ার ছাত্রাবাস। ২০০৯ সালে ওয়েলফেয়ার বন্ধ হওয়ার পর ‘মহানন্দা’ ছাত্রাবাসই তাদের নতুন আস্তানায় পরিণত হয়।