২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর আহত আ. লীগ নেতাকে ঢাকায় স্থানান্তর

শিবিরকর্মীদের হামলার শিকার রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলামকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 11:12 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে শহিদুলের বাসায় হামলা চালিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয় শিবির কর্মীরা।

শহিদুলকে সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী সাবিনা খাতুন।

পুলিশ জানায়, ৩০-৪০ জন ছাত্রশিবির কর্মী রোববার রাতে স্লোগান দিয়ে শহিদুলের বাসায় হামলা চালায়।

এ সময় তারা রাজশাহী মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও মির্জাপুর নাজমুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল হোসেনের রগ কেটে দেয়।

তাদের বাঁচাতে গিয়ে আহত হন ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রুহুল আমিন। তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, শহিদকে কুপিয়ে জখম করে তার দুই পায়ের রগ কেটে দেয়া হয়। মাইনুলকে কোপানোর পাশাপাশি বাম হাতের রগ কেটে দেয়া হয়।

অবস্থা গুরুতর হওয়ায় শহিদকে রাতেই ঢাকায় পাঠানোর ব্যবস্থা হয়। সকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার পর বিক্ষুদ্ধরা শহরে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগ করে, হামলা চালানো হয় তিন শিবির নেতার বাড়িঘরেও।

মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান সাংবাদিকদের জানান, রাত দেড়টার দিকে নগরীর নিউ মার্কেটের সামনে ইসলামী ব্যাংক ও রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি টহলে রয়েছে।