সরকারই জুজুর ভয় দেখাচ্ছে
বিএনপি নয়, সরকারই ‘জুজুর ভয়’ দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“এভাবে ভয় দেখিয়ে জনগনের দৃষ্টি ভিন্নখাতে নেয়া কিংবা তাদের বিভ্রান্ত করা যাবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জায়গায় আপনাদের আসতেই হবে। একে পাশ কাটানো যাবে না”, যোগ করেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ না নেয়ার বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য নাকচ করে শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। সরকার আগে থেকেই ব্যবস্থা নিয়েছে।”
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগের স্থানীয় সাংসদ বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সৈয়দ আশরাফ সাহেবে কথাবার্তায় আমরা মাঝে মধ্যে অনুপ্রাণিত হই। তিনি মাঝে মাঝে সংকট সমাধানে সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই-এরকম কথা বলেন। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরকম কথা বললে, বিকালে অন্য একজন নেতা তা নাকচ করে দিয়ে বলেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।”
তিনি অভিযোগ করে বলেন, “সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। তারা ভীত হয়ে পড়েছে। তারা বুঝতে পেরেছে, বিএনপি যে দাবি নিয়ে চলছে, তাতে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। এজন্য বিরোধী দল দমনের পথ সরকার বেঁছে নিয়েছে। বিরোধী দল দমনে গ্রেপ্তার-গুম-হত্যা চালিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।”
ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, “শনিবার পর্যন্ত সারাদেশে আড়াই লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। চিরুনী অভিযান চালিয়ে হাজার হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।”
আগামীকাল ও পরশু ৪৮ ঘন্টার ঘোষিত কর্মসূচি সর্বাত্মক সফল করার আহবান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গত ১১ মার্চ আটক দলের ১৫০ এর অধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সেজন্য দুইদিন সারাদেশে হরতাল হবে। আমাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ।”
বর্তমান সরকারকে গণতন্ত্র বিরোধী ও রাষ্ট্রদ্রোহী সরকার অভিহিত করে তিনি বলেন, “এই সরকার পুলিশ লেলিয়ে দিয়ে ১৪০ জন মানুষকে হত্যা করেছে। গতকাল (শনিবার) বিরোধী দলীয় নেতা মানিকগঞ্জে গিয়েছিলেন গণহত্যায় নিহত পরিবারকে দেখতে। প্রত্যক্ষদশীরা পুলিশের নিমর্মতা ও পৈশাচিকতা বর্ণনা দিয়ে তা ভাষায় বলা যায় না।”
“মানিকগঞ্জের ওই গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়ে গণহত্যা চালানো হলো। তাদের অপরাধ তারা বিরোধী মতের। আজ যারা দেশে দায়িত্বভার নিয়ে রক্ষক হয়েছেন, তারাই ভক্ষক হয়ে পড়েছেন। আওয়ামী লীগের এই চরিত্র নতুন কিছু নয়।”
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানকে বেআইনি অভিহিত করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “একটি রাজনৈতিক দলের মহাসচিবের কক্ষে দরজা ভেঙ্গে এভাবে নেতাদের গ্রেপ্তার অভিযান নজিরবিহীন।”
সংগঠনের সভাপতি সৈয়দ হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিরোধী দলীয় প্রধান হুইপের মেয়ে তামান্না ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
