জুজুর ভয় দেখাবেন না: আশরাফ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ না নেয়ার বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
ধাননমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, “উনি ভাবছেন- এই ধরনের ঘটনা ঘটবে, বা ঘটতে যাচ্ছে। গতবারের সুযোগ এবারে নেই। জাতিসংঘ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্য নেবে।”
পুলিশ ও সেনা বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই বিরোধী দলীয় নেত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
আশরাফ বলেন, “জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। সরকার আগে থেকেই ব্যবস্থা নিয়েছে।”
গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে পুলিশের আচরণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশকে বাদ দেয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদন প্রকাশের এক দিন পর মুন্সীগঞ্জে জনসভায় খালেদা জিয়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, গণহত্যা বন্ধ না করলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পুলিশ নেয়া নিষিদ্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে আশরাফ বলেন, “সরকার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনর নেতৃত্বে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ১/১১-এ দেশের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছিলো, তা থেকে দেশকে উদ্ধার করার জন্য। আবার এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশের ব্যবসায়ী ও চাকুরীজীবী সবাই অসুবিধায় পড়বেন। দেশকে স্বাভাবিক গতিতে চালানোর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
খালেদা জিয়ার সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “উনি (খালেদা জিয়া) কী ভেবেছেন ফু দিলেই এই সরকার উড়ে যাবে? যতক্ষণ সময় তার এক ঘণ্টা আগেও সরকার ক্ষমতা ছাড়বে না। ক্ষমতা ছাড়ার এক মিনিট আগে পর্যন্ত সরকার জনগণের জানমালের নিরাপত্তায় তার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে।”
“জনগণের জানমাল রক্ষায় কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে এতে কোনো সন্দেহ নেই।”
আশরাফ আশঙ্কা প্রকাশ করে বলেন, “খালেদা জিয়ার তার বক্তব্যে বলেছেন, ‘এখন আওয়ামী লীগ মসজিদে আগুন দিবে।’ নিশ্চয় তার কোনো পরিকল্পনা রয়েছে। তারই ক্ষেত্র প্রস্তুত করছেন তিনি। আমি আতঙ্কিত তার এই বক্তব্যের কারণে। আল্লাই জানে কোন মসজিদে আগুন দেয়া হবে, তার ক্ষয়ক্ষতির পরিমাণ ভেবে আমি আতঙ্কিত।”
শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগ মুখপাত্র আশরাফ।
তিনি বলেন, “বস্তুত আমি তার কলিগ। তার বক্তব্যে আমিও লজ্জিত। তার কাছ থেকে এ ধরনের অশোভন বক্তব্য আশা করি নাই।”
শুক্রবারের সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বলেছিলেন, শাহবাগ আন্দোলন নিরপেক্ষ নয়। এখানে আওয়ামী লীগ ও নাস্তিক ছেলে-পেলে আছে। তারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ধর্মে বিশ্বাস করে না। এই নষ্ট ও নাস্তিক তরুণদের নিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে নানা অপকর্ম করছে।
খালেদা জিয়ার এ ধরনের বক্তব্যকে বাংলাদেশের জন্য লজ্জাজনক অধ্যায় হিসাবে আখ্যায়িত করেন আশরাফ।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য শাহবাগের তরুণ প্রজন্মের কাছে আমি লজ্জিত।”
আশরাফ বলেন, “বাংলাদেশে নাস্তিক কে, আর আস্তিক কে সেটা হাশরের দিনে ফয়সালা করা হবে। উনাকে কি আল্লাহ থেকে দায়িত্ব দেয়া হয়েছে? কে আস্তিক, কে নাস্তিক এটা এটা শেষ বিচারের দিন দেখা হবে।”
বিএনপি চেয়ারপার্সনের কাছে তিনি প্রশ্ন রাখেন, “৫ বছরের শিশু কী নাস্তিক? এগারো বছরের মেয়ে যে তার মায়ের সাথে এসেছে সে কী নাস্তিক না সন্ত্রাসী?”
সারাদেশে সহিংস ঘটনার দায় খালেদা জিয়াকেই অর্ধেকের বেশি দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, “খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে এসে গৃহযুদ্ধের ডাক দিলেন, শাহবাগকে কলুষিত করলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করলেন।”
“আমাদের কাছে খবর রয়েছে, অর্ধেকের বেশি জায়গায় বিএনপি নেতকর্মীরা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে। তাদের সাথে ছিলো জামায়াত। জামায়াত বাংলাদেশে বড়ো কোনো শক্তি না। এই কলংকের দায় খালেদাকেই বেশিরভাগ নিতে হবে।”
বিরোধী দলীয় নেতার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকে ‘নাটক’ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, “খালেদা জিয়া গতকাল মুন্সীগঞ্জে নাটক করেছেন। উনি গেলেন মন্দির পরিদর্শনে। ওনার সাথে স্থানীয় কিছু লোক ছাড়া আর কেউ ছিলেন না। ওখানকার মহিলারা মুখে কাপড় দিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে ছিলো। প্ল্যাকার্ডে লেখা ছিলো, জামায়াত বিএনপির হাত থেকে রক্ষা চাই। মন্দির ভাংচুর করেছে কারা সেটা সবাই জানে। জানে না শুধু খালেদা জিয়া।”
শাহবাগের আন্দোলন প্রসঙ্গে আশরাফ বলেন, “শাহবাগ স্বতস্ফূর্ত আন্দোলনের বহিঃপ্রকাশ। আমরা ভেবেছিলাম এখনকার তরুণেরা ব্লগ, স্মার্টফোন, ইন্টারনেট, মিউজিক নিয়েই ব্যস্ত থাকে। হঠাৎ করেই প্রকৃতি তাদের এমন চেতনায় ধারণ করতে দেখলো। তারা স্ব স্ব উদ্যোগে শাহবাগে এসে উপস্থিত হয়েছে।”
“শাহবাগের আন্দোলন কোনো সঠিক কাঠামোতে চলছে না। এটা নতুন প্রজন্মের মহাসমাবেশ।
তারা পটকা ফোটায়নি। মসজিদ-মন্দির অবমাননা করেনি। কোনো কটূ কথাও বলে নি। তাদের একটাই দাবি যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা এবং বিচারের রায় কার্যকর করা।”
