বিভ্রান্তি ছড়াতে সংলাপের কথা: বিএনপি
সরকার সংলাপের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এক নেতা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই দলের মতবিরোধের অবসানে ব্যবসয়ী ও কূটনীতিবিদসহ বিভিন্ন মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, সংলাপ চাইলে সরকার প্রধানকে আনুষ্ঠানিক বা লিখিত প্রস্তাব দিতে হবে।
এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সংলাপের জন্য সরকার তৈরি, বিরোধী দলকে শর্ত বাদ দিয়ে আসতে হবে।
কিন্তু এরপর সিঙ্গাইরে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংলাপের সম্ভবনা নাকচ করে সরকার পতন আন্দোলনের ডাক দেন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এম কে আনোয়ার বলেন, “স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আলোচনার বিপক্ষে নই। তবে সেই আলোচনা কোন বিষয়ে হবে, তাতে নির্দলীয় সরকারের অধীনের নির্বাচনের বিষয় থাকবে কি না- এসব বিষয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। এরপর জনগণই বিবেচনা করবে, সংলাপ হবে কিনা।”
এই বিএনপি নেতার ভাষায়, আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্যানেলের ভরাডুবিই তার প্রমাণ।
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ ১৮ দলীয় জোটের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।
নেতাকর্মীদের মুক্তি দাবি করে এম কে আনোয়ার বলেন, “গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে সরকার আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। তারা ভেবেছে বিরোধী দলকে দাবিয়ে রেখে নিজেদের অধীনে নির্বাচন করে মহাসুখে ক্ষমতায় থাকবে। এটা কখনোই সফল হবে না।”
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করে বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমেই কেবল ‘সংকটের’ সমাধান হতে পারে বলে দাবি করেন তিনি।
এম কে আনোয়ার বলেন, “তারা (সরকার) যদি তা না করে, তাহলে আন্দোলনেই ফয়সালা হবে।”
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার এই মানববন্ধনে অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আরেক আলোচনা সভায় বর্তমান সরকারের সমালোচনা করে এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকার ‘নাস্তিকদের’ পক্ষ নিয়েছে।
“মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা ধর্মহীন কাজ করছে। যারা মহানবী (সা.) কটূক্তির প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, তাদের গুলি করে হত্যা করছে। এই গণহত্যার জন্য একদিন বিশেষ ট্রাইব্যুনালে এই সরকারের বিচার হবে।”
জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, মাওলানা রফিকুল ইসলাম তালুকদার আলোচনা সভায় বক্তব্য দেন ।
