২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনার দ্বার খোলা’

সংলাপের জন্য সরকার প্রস্তুত জানিয়ে বিরোধী দলকে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 10:49 AM

Updated : 25 Apr 2022, 06:29 PM

তবে আলোচনায় বসার আগে বিরোধী দলকে কোনো শর্ত না দিতে বলেছেন তিনি।

রাজনৈতিক সঙ্কটের অবসানে সংলাপ নিয়ে চলমান আলোচনার মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান জানান স্থানীয় সরকারমন্ত্রী।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানে বিভিন্ন মহল থেকে সংলাপের কথা বলা হচ্ছে।

সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ চেয়ে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম সকালে সংবাদ সম্মেলন করেন।

বিকালে আরেক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মুখপাত্র আশরাফ বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “আপনি প্রস্তুত থাকলে সরকার আলোচনায় প্রস্তুত। দেশের মানুষ আলোচনা চায়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।”

বর্তমান পরিস্থিতিতে তৃতীয় শক্তি আসার কোনো সম্ভাবনা আছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর কোনো সম্ভাবনা নেই।”

ফখরুলের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, “এত শর্ত দিয়ে আলোচনা হয় না। আলোচনার মধ্যে গিভ অ্যান্ড টেক আছে।”

“আগের আমলের তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই,” তা-ও বলেন আশরাফ।

সেইসঙ্গে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখাও দেন তিনি।

“অনির্বাচিত প্রতিনিধি দিয়ে একদিনের জন্য সরকার সম্ভব নয়। এখন অ্যারেঞ্জমেন্ট করতে হলে নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার সম্ভব।”

সম্ভাব্য সংলাপের বিষয়ে আশরাফ বলেন, “আমরা আলোচনার জন্য কোনো কন্ডিশন দিইনি। আলোচনা হতে হয়, প্রথমে অনির্ধারিতভাবে; তারপর দলগতভাবে, সর্বশেষে শীর্ষ পর্যায়ে।”

এর আগে কয়েকবার সংবাদ সম্মেলনে আশরাফ বলেছিলেন, দুই দলের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে; যদিও বিএনপির পক্ষ থেকে এই ধরনের আলোচনার খবর নাকচ করা হয়।

সেই আলোচনার অগ্রগতি কতদূর- জানতে চাইলে আশরাফ হেসে বলেন, “আপনাদের কাছে সব প্রকাশ করলে তো আলোচনা ব্যাহত হতে পারে।”

নাম উল্লেখ না করে বিরোধী দলের শীর্ষ নেতার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ মুখপাত্র বলেন, “উনি যদি চান, উনারা যা চাচ্ছেন আমরা তা সোনার পাত্রে তার বাড়িতে গিয়ে তার পায়ের তলায় দিয়ে আসব, তা তো সম্ভব নয়।”

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জে বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও প্রতিবাদ জানান আশরাফ।

শাহবাগ চত্বরকে ‘নাস্তিক চত্বর’ হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া শুক্রবার বলেন, “শাহবাগের তরুণরা আইন-আদালত-বিচার মানে না। এই নষ্ট ও নাস্তিক তরুণদের নিয়ে সরকার নিজের ব্যর্থতা ঢাকতে নানা অপকর্ম করছে।”

আশরাফ বলেন, “যে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে উনি বেপরোয়া।”