২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেফাজতে ইসলাম জামায়াতের হেফাজতকারী’

হেফাজতে ইসলামকে একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত জামায়াতে ইসলামীর হেফাজতকারী হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার বিকালে নগরীর চেরাগী মোড়ে দেশব্যাপী হত্যা, তাণ্ডব, নবী-রাসুল ও ইসলাম অবমাননার প্রতিবাদে এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।
 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষায় একটি সংগঠনের নামে নেমেছে। তারা হেফাজতে ইসলামের নামে মূলত জামায়াতে ইসলামীর হেফাজতে রাজপথে নেমেছে।”

“একাত্তরে জামায়াতে ইসলাম যেমন যুদ্ধাপরাধ করেছে, সেই সময় কওমী পন্থী আজ হেফাজতে ইসলাম নামে সংগঠনের নেতারাও ‘মুজাহিদ বাহিনী’ গঠন করে যুদ্ধাপরাধ করেছে।”

শাহবাগবিরোধী হেফাজতে ইসলাম ব্লগারদের নাস্তিক আখ্যায়িত করে গত ১৩ মার্চ চট্টগ্রামে হরতাল ডাকে, যেদিন সেখানে গণজাগরণ মঞ্চের সমাবেশ হওয়ার কথা ছিল। পাশাপাশি একই দিন গণজাগরণ আন্দোলনের সমাবেশস্থলসহ লালদীঘি ময়দান এবং স্টেশন রোডে সভা করার ঘোষণা দেয়। পরে জাগরণ মঞ্চ সমাবেশ স্থগিত করলে তারাও হরতাল প্রত্যাহার করে।

চট্টগ্রামের পর আশুলিয়ায়ও গণজাগরণ মঞ্চের সমাবেশ প্রতিরোধের ডাক দেয় এই সংগঠনটি। যদিও সেদিন তাদের মাঠে দেখা যায়নি।

আবদুস সামাদ বলেন, “৭১ এ মুজাহিদ বাহিনীর সদস্যরাও জামায়াতের ‘আলবদর’ ও ‘আল শামমের মতো মানুষ হত্যা, ধর্ষণ, নির্যাতনে লিপ্ত ছিল।”

এ সকল মুজাহিদ বাহিনীর যুদ্ধাপরাধীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

হেফাজতে ইসলাম এক সময় জেএমবি, এক সময় মুজাহিদ বাহিনী নামে জামায়াতের হয়ে মানুষকে ধোকা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান বলেন, “দেশের খ্যাতনামা আলেম ওলামাদের হত্যার পরিকল্পনা করে বিরোধীদের নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে জামায়াত-শিবির চক্র।”

নগর ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তরিক্বত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সম্মিলিত ইসলামি জোটের চেয়ারম্যান জিয়াউল হাসান, গণফ্রন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।