দুপুরে মানিকগঞ্জ যাচ্ছেন খালেদা
পুলিশের গুলিতে নিহত পরিবারের সদস্যদের সাত্বনা জানাতে শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর যাচ্ছেন খালেদা জিয়া।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশানের বাসা থেকে দুপুর দেড়টায় সিঙ্গাইর রওনা হবেন বিরোধীদলীয় নেতা।
গত ২৪ ফেব্রুয়ারি ইসলামী কয়েকটি দলের হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সিঙ্গাইরের গোবিন্দল গ্রামে চারজন নিহত হয়। বিএনপি চেয়ারপারসন নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাবেন।
এছাড়া সিঙ্গাইরের পশ্চিম গোবিন্দল গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি পথসভা এবং চারিগ্রাম এস এ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
সিঙ্গাইর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দলীয় প্রধানের জনসভা ও পথসভার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
