ফেনীতে বিএনপির ভাংচুর, আটক ১০
ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিলে হাতবোমা নিক্ষেপের অভিযোগ তুলে শহরে ব্যাপক ভাংচুর চালিয়েছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিক্ষোভ মিছিল থেকে তারা বেসরকারি ব্যাংক ও প্রায় ২৫টি গাড়ি ভাংচুর করে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামছুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ৪টি বাস, ২টি ট্রাক, ৭টি সিএনজি আটোরিকশা, ৮টি হিউম্যান হলারসহ ২৫টি গাড়ি ভাংচুর করে। তারা শাহজালাল ইসলামী ব্যাংকেও ভাংচুর চালায়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।
