২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসেত-বুদু প্যানেলকে ভোট দিন: মতিন খসরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে আবদুল বাসেত মজুমদার ও মো. রবিউল আলম বুদু পরিষদকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ওই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারকারী সভাপতিপ্রার্থী আব্দুল মতিন খসরু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মতিন খসরু বলেন, “সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে আমার নেতৃত্বে একটি প্যানেল  হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ঐক্যের স্বার্থে আমরা পুরো প্যানেল স্বেচ্ছায় আমাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছি।

“এই সময়ে বিভাজনের কোন অবকাশ নেই। তাই আবদুল বাসেত মজুমদার এবং মো. রবিউল আলম বুদু পরিষদকে নির্বাচিত করতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

সমন্বয় পরিষদের বাসেত-বুদু প্যানেলে সহ-সভাপতির দুটি পদে শেখ আওসাফুর রহমান ও সারওয়ার আহমেদ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন এবং সহ-সম্পাদক পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম লড়বেন।

সদস্য পদে এই প্যানেলের ৭ প্রার্থী হলেন- মো. হাবিবুর রহমান হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন রেজা, আয়েশা ফ্লোরা,  হোসনেয়ারা বেগম বাবলী,  আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম ভূঁইয়া।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। সম্পাদক পদপ্রার্থী সংসদ সদস্য খোকন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।

এই প্যানেলে সহ-সভাপতির দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. শাহজাদার নাম ঘোষণা করা হয়েছে। সহ-সম্পাদকের দুটি পদে লড়বেন এবিএম রফিকুল ইসলাম রাজা এবং মোহাম্মদ সাইফুর রহমান।

বিএনপি-জামায়াতপন্থী এই প্যানেলের সাত সদস্য প্রার্থী হলেন- আঞ্জুমান আরা বেগম, ফাতেমা খাতুন, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান সোহেল।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং ড. ইউনুস আলী আকন্দ।

আগামী ১৩ ও ১৪ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপ-কমিটির সদস্য মো. আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের নির্বাচনে ৪ হাজার ৪৫ জন ভোটার রয়েছেন।