‘সরকারের কমিটি বিরোধী দল দমনে’
বিরোধী দলকে দমন করতেই সরকার সারাদেশে ‘সন্ত্রাস দমন কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
রোববার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন অভিযোগ করেন, “আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে সরকার সন্ত্রাস দমনের নাম করে পাড়া-মহল্লা, থানা-উপজেলা-জেলায় সন্ত্রাস দমন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। উদ্দেশ্য সন্ত্রাস দমন নয়, বিরোধী দলকে দমন করা। সন্ত্রাস দমন করার জন্য সরকারের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীই রয়েছে। সেখানে আলাদা করে কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই।”
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা (সরকার) নিজেরা সন্ত্রাস করে আমাদের দমনের জন্য এখন কমিটি গঠন করছেন। আমরাও আত্মরক্ষার জন্য ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠনের ঘোষণা দিয়েছি।”
এর ফলে দেশে কোনো ‘সংঘাতময়’ পরিবেশ সৃষ্টি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন খন্দকার মোশাররফ।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনী তারেককে গ্রেপ্তার করে। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। সেই থেকে সেখানেই অবস্থান করছেন।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “তৎকালীন সরকারের নির্মম নির্যাতনে তারেক রহমান সুদূর লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। হতাশ হওয়ার কিছু নেই, সেখান থেকে তিনি ছাত্রদলকে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপিকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
নির্দলীয় সরকারের দাবি প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, “আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে-এটাই দেশের বড় সংকটের কারণ। আমরা আগেও বলেছি, এখনো বলতে চাই, আওয়ামী লীগ কিংবা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপিসহ বিরোধী দল অংশ নেবে না। কিন্তু সরকার এতে কর্ণপাত করছে না। তারা চলমান পরিস্থিতিকে সংকট মনে করছে না।”
সম্প্রতি বিএনপির মিছিল ও সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “এর আগে সরকারের পুলিশ-র্যাবসহ আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা এদেশে ধর্মপ্রাণ মসুল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষন করে গণহত্যা চালিয়েছে। এখন বিএনপির ওপরও একই কায়দায় তারা গুলিবর্ষন শুরু করেছে। এভাবে সরকার পায়ে পারা দিকে ঝগড়া বাঁধিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।”
সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্র দল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী আবেদন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান প্র্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সকালে এক মানববন্ধন কর্মসূচি হয়।
এতে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, “পুলিশ-র্যাবসহ ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা সম্মিলিতভাবে বিএনপির মিছিল ও সমাবেশের ওপর হামলা চালিয়েছে। এখন সরকার বলছে, ওই হামলা নাকি বিএনপি করেছে। এই কথা পাগলেও বিশ্বাস করবে না।”
সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির-উপাসনালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সংখ্যালঘুরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। কারা এই হামলা চালিয়েছে, গণমাধ্যমে তা প্রকাশ পেয়েছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্তে সুপ্রিম কোর্টের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এই কর্মসূচিতে বিএনপির সহ তথ্য ও গবেষনা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
