নিহতদের জন্য ১৮ দলের গায়েবানা জানাজা
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারাদেশে সহিংসতায় নিহতদের জন্য রাজধানীতে গায়েবানা জানাজা করেছে বিএনপিসহ ১৮ দলীয় জোট।
শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে বাদ আসর এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “সরকার গণহত্যা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে এখন আমাদের কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
গায়েবানা জানাজায় ইমামতি করেন উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জানাজায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মবিন, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলমগীর মজুমদার, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-ের রায়ের পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সহিংসতায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়। সহিংসতায় হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত এর প্রতিবাদ জানিয়ে সারাদেশে গত ৫ মার্চ হরতালের ডাক দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শাহবাগে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলন শুরুর পর বিএনপি শরিকদের নিয়ে কর্মসূচি পালন থেকে বিরত থাকলেও বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে তারা জোটবদ্ধভাবে কর্মসূচি পালন করবে।
