২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি হচ্ছে বিরোধী দল দমনে: ফারুক

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সন্ত্রাস দমনে সরকারের কমিটি গঠনের মূল উদ্দেশ্য বিরোধী দলকে দমন করা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রাজনৈতিক সঙ্কটের অবসানে আলোচনার কথা বললেও তাতে সরকারের আন্তরিকতা নেই বলেও দাবি করেছেন তিনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, “বিরোধী দল দমন কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। পুলিশ সারাদেশে নির্বিচারে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণ করছে।”

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়েক কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতি তাণ্ডবের প্রেক্ষাপটে জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলের সঙ্গে আলোচনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুক বলেন, “সরকার একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে বিরোধী দল দমন কমিটি গঠনের ঘোষণা দেয়া হচ্ছে। এ থেকে প্রমাণ হয়, সরকার আলোচনার ব্যাপারে আন্তরিক নয়।”

বর্তমান সংঘাতের জন্য সরকারকে দায়ী করে বিএনপির প্রচার সম্পাদক বলেন, “দেশকে আর অশান্তি ও নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। আপনারা জনগনের পক্ষে থাকলে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। সংসদে এ সংক্রান্ত বিল উপস্থাপন করুন।”

Image
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৭, ২০১২

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ০৭, ২০১২

“তা না হলে সারাদেশে ‘জনতার মুক্তি মঞ্চ’ নির্মাণ করে সরকারকে ওই দাবি মানতে বাধ্য করা হবে,” হুঁশিয়ার করেন তিনি।  

দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “বিএনপিকে ছোট আকারের দল মনে করলে ভুল করবেন। এটা কলকাতার থিয়েটার রোডের দল নয়, এটি মুক্তিযোদ্ধাদের দল।”

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শুক্রবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। 

“এম কে আনোয়ার, আবদুল মঈন খানসহ আমাদের সিনিয়র নেতারা জানাজায় অংশ নেন। জানাজার পর একজন মন্ত্রী ঘোষণা দেন- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সরকারি দলের প্রধান হুইপ, মন্ত্রীসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পর বিরোধী দলীয় নেতা শ্রদ্ধার্ঘ অপর্ণ করবেন।

“তার স্থান ছিলো দশমে। এ হচ্ছে বিরোধীদলীয় নেতার প্রতি সরকারের আচরণের বর্হিপ্রকাশ।”

তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারুক।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেককে গ্রেপ্তার করা হয়। পরের বছর জামিনে ছাড়া পান তিনি। এরপর থেকে বিদেশে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ার‌ম্যান।

ফারুক বলেন, “তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে দল ও দেশের জনগণের নেতৃত্ব দেবেন।”

ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর প্রমুখ।