জোটবদ্ধ আন্দোলনে যাচ্ছে বিএনপি
১৮ দলীয় জোটের হরতালের পর এখন জোটবদ্ধ হয়ে আগামী আন্দোলনের কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়ে, যা শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ১৮ দলীয় জোটের কার্যক্রম জোটবদ্ধভাবে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বুধবার রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। দুই মাসের মধ্যে সেটিই ছিল শরিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতার প্রথম বৈঠক। এই বৈঠক থেকে বৃহস্পতিবারের হরতাল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে পালনের ঘোষণা আসে।
বুধবারে বৈঠকের পর বৃহস্পতিবারের হরতালই গত দুই মাসে এ জোটের সম্মিলিত প্রথম কর্মসূচি।
গত ৫ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে তরুন প্রজন্ম শাহবাগে আন্দোলন শুরু করার পর থেকে বিএনপি একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামায়াতে ইসলামীসহ শরিক জোটের সঙ্গে কোনো কর্মসূচি করা থেকে বিরত থাকে।
খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে অভিযোগ করা হয়, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে শাহবাগের বেআইনি সমাবেশ সৃষ্টি করার মাধ্যমে জাতিকে বিভক্ত করে দেশকে চরম অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শাহবাগের সমাবেশ স্বাধীন বিচার ব্যবস্থায় চরম আঘাত হানায় স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। সরকার গোটা জনগোষ্ঠীকে বিভক্ত করে দেশে ভয়ংকর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে।”
গত কয়েকদিনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে দাবি করে বৈঠকে ‘গণহত্যার’ বিচার দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ২ মার্চ রাজধানীতে দলের মিছিল ও ৬ মার্চের সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষনের ঘটনার নিন্দা জানিয়ে স্থায়ী কমিটি বলেছে, এভাবে বিনা উস্কানিতে গুলিবর্ষণের ঘটনা নজিরবিহীন। এটা প্রমান করে, নিয়মতান্ত্রিক রাজনীতির পথ সরকার বন্ধ করতে চায়।”
বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সংসদে দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ করে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।
