২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এরশাদের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ’

গণজাগরণ মঞ্চ সম্পর্কে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 01:32 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে সাবেক এই ছাত্রনেতারা বলেন, এরশাদ একাত্তরের ঘাতক, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের খুশি করতে ব্যস্ত হয়ে পড়ছেন।

বুধবার এক অনুষ্ঠানে এরশাদ গণজাগরণ মঞ্চ থেকে ইসলামবিরোধী বক্তব্য দেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন; যদিও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে এই আন্দোলনকারীরা শুরু থেকে একে অপপ্রচার বলে আসছে।

গণজাগরণ মঞ্চ সম্পর্কে এরশাদের বক্তব্যকে ‘ধৃষ্টতাপূর্ণ’ অাখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন সাবেক ছাত্রনেতারা, যাদের অনেকেই ’৮০ এর দশকে এরশাদের সামরিক সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন।

বিবৃতিতে বলা হয়, “এরশাদ গায়ে পড়ে গণজাগরণ মঞ্চ ও এর সংগঠকদেরকে মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির সুরে হুমকি দিয়েছেন। স্বৈরাচারী এরশাদের এ ধৃষ্টতা দেশবাসী সহ্য করবে না।”

এরশাদকে ‘বার বার ভোল পাল্টাতে ওস্তাদ বর্ণচোরা জেনারেল’ আখ্যায়িত করেন সাবেক নেতারা।

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য তারা এরশাদকে অভিযুক্ত করেন।

তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে এরশাদ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চেতনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, যা তাৎক্ষণিকভাবে জনগণ প্রত্যাখ্যান করেছিল।

সাবেক ছাত্রনেতারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ, জামায়াতি প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রায়ত্ত করাসহ ছয় দফা দাবিতে গণজাগরণ এগিয়ে নিতে জনগণের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন, ডাকসু  সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন, সাইফুল হক, মিজানুর রহমান মানু, আসাদুল্লাহ তারেক, মুকুল বোস, শহীদুল ইসলাম, আমিরুল হক আমিন, আবুল হোসেন, আবদুস সাত্তার খান, সুজাউদ্দিন জাফর, বেলাল চৌধুরী, শফী আহমেদ, রুহিন হোসেন প্রিন্স, রাগীব আহসান মুন্না, আশরাফুল হক মুকুল, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, রাজেকুজ্জামান রতন, আসলাম খান, সাব্বাহ আলী খান কলিন্স, হাসান হাফিজুর রহমান সোহেল, হাসান তারিক চৌধুরী, আহাদ মিনার, সাইদুর রহিম বিটুল, রাজু আহমেদ ও জায়েদ ইকবাল খান।