৪ মহিলা এমপি মুক্ত
আটকের আট ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে বিএনপির চার মহিলা সংসদ সদস্যকে।
হরতালের মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়া পল্টন থেকে আটক করা হয় তাদের।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার সংসদ সদস্যকেই ছেড়ে দেয়া হয়েছে।
এই সংসদ সদস্যরা হলেন- সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা ও শাম্মী আক্তার।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন এই চার সংসদ সদস্য।
পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা রাস্তায় বসে পড়েন। তখন মহিলা পুলিশের একটি দল এসে তাদের টেনে হিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
আহত সহকর্মীকে নিয়ে যাচ্ছেন এক মহিলা পুলিশ। বৃহস্পতিবার হরতালের সময় নয়া পল্টনে বিএনপি নেত্রীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন তিনি।
সংসদ সদস্যদের আটকের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি ওই ঘটনার পর সাংবাদিকদের বলেন, “পুলিশ মহিলা সংসদ সদস্যদের যেভাবে আটক করেছে, তা গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন। সংসদ চলাকালে এভাবে সংসদ সদস্যদের গ্রেপ্তার নজিরবিহীন ঘটনা।”
