বিএনপির চার নারী সাংসদ আটক
হরতালের মধ্যে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির চার মহিলা সাংসদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার বিএনপি কার্যালয়ের ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় চার বিএনপি নেত্রী রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন।
পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে তাদের সেখন থেকে একটি মাইক্রোবাসে তুলে পল্টন থানার দিকে নিয়ে যায় পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আপাতত গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে মাইক্রোবাসটি কিছুদূর যাওয়ার পরপরই ভেতরে ধস্তাধস্তির ফলে একপাশের দরজা খুলে রাস্তায় পড়ে যান সাংসদ শাম্মী আক্তার ও শরীফা নামের এক কনস্টেবল। এ সয় দুজনই আঘাত পান।
মেহেদী হাসান বলেন, “শাম্মী আক্তার গাড়ির ভেতর থেকে হঠাৎ ধাক্কা দিয়ে কনস্টেবল শরীফাকে ফেলে দেন। এরপর ভারসম্য হারিয়ে নিজেও পড়ে যান।”
শরীফাকে হাসাপাতলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গাড়ি থেকে পড়ে যাওয়ার পর সাংসদ শাম্মী আক্তার
গাড়ি থেকে পড়ে যাওয়ার পর সরিয়ে নেয়া হচ্ছে পুলিশ কনস্টেবল শরীফাকে
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, এটা অন্যায়, অগণতান্ত্রিক। এটা সরকারের ফ্যাসিবাদের দৃষ্টান্ত। যা ঘটল, তা শুরু ন্যাক্কারজনই নয়, নারকীয়ও।
বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হঠাৎ করে বোমাবাজি ও সংঘর্ষ শুরু হলে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।
পুলিশ এই সংঘর্ষের জন্য বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে দায়ী করেছে।
অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সরকার পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে তাদের সমাবেশ পণ্ড করেছে।
এর প্রতিবাদেই বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বুধবার সংঘর্ষের পর থেকেই বিএনপি কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা নেয় পুলিশ। ভোরে কার্যালয়ের কলাপসিবল গেইটের ভেতরে অবস্থান নিয়ে নেতাকর্মীদের নিয়ে হরতালের সমর্থনে স্লোগান দিতে দেখা যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
তবে বাইরের রাস্তায় বিএনপি কর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি।
রিজভী সাংবাদিকদের বলেন, “সমাবেশ করা তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকার গণবিচ্ছিন্ন হয়ে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চাইছে।”
