২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল-সালাম হাসপাতালে

নয়া পল্টনে বুধবার সংঘর্ষের সময় আহত বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও আব্দুস সালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 02:38 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

তারা দুজনই পুলিশের গুলিতে আহত বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ও ঢাকা মহানগর সদস্য সচিব সালাম ভর্তি হয়েছেন গুলশানে ইউনাইটেড হাসপাতালে। তাদের দেখতে রাতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিকালে নয়া পল্টনে বিএনপির সমাবেশ ছিল। ওই সমাবেশ শুরুর এক ঘণ্টার মধ্যে সংঘর্ষে তা পণ্ড হয়ে যায়।

বিএনপি নেতারা বলছেন, সরকারি দল বিশৃঙ্খলা সৃষ্টির পর পুলিশ গুলি চালায়। অন্যদিকে পুলিশের দাবি, গোলযোগ সৃষ্টি করে জামায়াতে ইসলামীর কর্মীরা।

সংঘর্ষে আহত নজরুল ও সালামকে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি শান্ত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ মাধ্যমের একটি গাড়িতে করে হাসপাতালে নেয়া হয় নজরুল ইসলামকে।

বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুল ইসলামের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।

নজরুল ইসলামকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে প্রিন্স জানান।

কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালামেরও মাথায় আঘাতের পাশাপাশি দেহে গুলি লেগেছে বলে জানান প্রিন্স।

তিনি বলেন, “তিনি (সালাম) একবার বমিও করেছেন। তাকেও আইসিইউতে রাখা হয়েছে।”

দুই কেন্দ্রীয় নেতার পাশাপাশি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদকে।

এই সংঘর্ষে আহত তিন ছাত্রদলকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরকারই বিএনপির সমাবেশ পণ্ড করেছে দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছে দলটি।

নজরুল ইসলাম ও আবদুস সালামকে দেখতে রাত পৌনে ১২টায় হাসপাতালে যান খালেদা জিয়া। তার সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও ছিলেন।

খালেদা জিয়া চিকিৎসকদের কাছে আহত নেতাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।