২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের বিরুদ্ধে মামলা সরকারের চক্রান্ত: বিএনপি

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলাকে সরকারের ‘চক্রান্তের’ অংশ বলে মনে করছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

রোববার বিকালে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মামলার নিন্দা জানান।

তিনি বলেন, “গত কয়েকদিনের গণহত্যার পরও সররকারের রক্তের তৃষ্ণা মেটেনি। তারা বিবেক বুদ্ধি হারিয়ে এখন নরহত্যায় উন্মাদ হয়ে উঠেছে। সরকার ভীত হয়ে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অসত্য মামলা করেছে।

“সরকারের এই মামলা দায়েরের নিন্দা ও ধিক্কার জানাই। এই মামলা দায়ের সরকারের পূর্ব পরিকল্পিত চক্রান্তের অংশবিশেষ বলে আমরা মনে করি।’”

অবিলম্বে এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।

হুঁশিয়রি দিয়ে রিজভী বলেন, জাতীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে কিংবা তাদের গ্রেপ্তার করলে এর পরিণতি হবে ভয়াবহ।

শনিবার বিকেলে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাজধানীর রমনা মডেল থানায় মামলা দুটি, পল্টন থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, পল্টন থানায় দু’টি মামলার একটি দ্রুত বিচার আইনে এবং অপরটি বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে।

শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাংচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

আরো আসামি করা হয়েছে- স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাবেক ছাত্র দল সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৭ জন নেতৃবৃন্দ এবং অজ্ঞাতনামা সহস্রাধিক কর্মীকে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ ব্রিফিংয়ে রমনা মডেল থানা এবং শাহজানপুর থানায় দায়ের করা মামলার বিবরণীর কপি তুলে ধরে রিজভী বলেন, “সরকার গুম-হত্যা মাটি চাপা দিতে না পেরে আবার বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাদের দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে আছে।”

তিনি অভিযোগ করে বলেন, শনিবারের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করেছে। অনেকে আহত হয়েছেন। এখন নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ গ্রেপ্তার চালাচ্ছে।

“বর্তমান সরকার গণবিচ্ছিন্ন, ব্যর্থ ও রক্তপিপাসু সরকার। তারা গত কয়েকদিনের গণহত্যাকে চাপা দিতে নেতাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়েছে।’’

রিজভী বলেন, “শাহবাগের আন্দোলনে জনগণকে ধাবিত করতে না পেরে এখন সরকার রামুর মতো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির-উপাসনালয় ও বাড়িঘরে হামলার চক্রান্ত করছে।”

এজন্য দলের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির-উপাসনালয় রক্ষা করতে নেতা-কর্মীদের সর্ব শক্তি নিয়োগ করার নির্দেশ দেয়া হচ্ছে বলে জানান তিনি।