আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর হবে: হানিফ
দেশজুড়ে জামায়াতে ইসলামীর তাণ্ডবের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল আলম হানিফ।
পুলিশের ওপর হামলা, ট্রেন ও রেললাইনে আগুন, দোকান-পাট ও গাড়ি ভাংচুরের মধ্যে এগিয়ে যাওয়া চলমান পরিস্থিতি দুই-এক দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন তিনি।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতের ডাকা হরতালের দিন রোববার দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
গত বৃহস্পতিবার সাঈদীর রায়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের তাণ্ডব চলছে। জামায়াত-শিবিরের হামলায় অন্তত ছয় পুলিশ সদস্য এবং সরকার সমর্থক কয়েকজন নিহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় প্রায় অর্ধশত।
জামায়াত-শিবিরকে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে যারা উস্কানি মদদ দিচ্ছে তাদের সঙ্গে আলোচনার কথা নাকচ করে তিনি বলেন, “আমরা কাদের সঙ্গে আলোচনা করব? যারা দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়।”
তিনি বলেন, “বিএনপি একাত্তরের মানবতাবিরোধীদের মদদ দিয়ে দেশকে আরো নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিচ্ছে। তারা পাকিস্তানি এজেন্ট হিসেবে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়।”
দেশে নৈরাজ্য ও নাশকতার উদ্দেশ্য ‘তৃতীয় শক্তি’কে ক্ষমতায় আনা, দাবি করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, “তারা (বিএনপি-জামায়াত) মনে করছে তৃতীয় শক্তি ক্ষমতায় বসলেই যুদ্ধাপরাধীর দায়ে আটক ও দণ্ডাদেশপ্রাপ্তরা রক্ষা পেয়ে যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না।”
“পরিস্থিতি যথেষ্ট শান্ত হয়ে এসেছে। বাকিটাও নিয়ন্ত্রণে চলে আসবে,” বলেন প্রতিমন্ত্রী।
রোববার সকাল থেকেই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংঠনের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে রাজপথে অবস্থান নেয়। এসব মিছিলে সংগঠনগুলোর থানা-ওর্য়াড শাখাগুলো অংশ নেয়।
সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু এভিনিউ, নুর হোসেন স্কয়ার, পুরানা পল্টন মোড়, ফুলবাড়িয়া এলাকায় হরতালবিরোধী মিছিল হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ যাত্রাবাড়ি, কোতোয়ালি, রামপুরা, সদরঘাট, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় মিছিল করে।
এছাড়া ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানার নেতৃত্বে একটি হরতাল বিরোধী মোটর সাইকেল মিছিল হয়েছে। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়।
সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।
