২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সহিংসতা: ১৫ মামলায় আসামি ১৯ হাজার

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে চলমান জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় শুক্রবার নয় জেলায় আরো পনেরটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এসব মামলায় ১৯ হাজারেরও বেশি জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে যাদের বেশিরভাগেরই নাম উল্লেখ করা হয়নি। একই দিন ওই জেলাগুলো থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওইসব জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো তথ্য:

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় বৃহস্পতিবার হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় চার জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দলটির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলা করেছেন পুলিশের এসআই জহিরুল ইসলাম।

কচুয়া থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার মাধবকাঠি ও শিয়ালকাঠি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের রফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৩০), মাধবকাঠি গ্রামের নুর আলী শেখ (৩৫)  ও একই গ্রামের মো. মোস্তাক (৩২)।

গ্রেপ্তারদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে হামলায় আহত কনস্টেবল কাজী সাইফুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া: বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির দুই হাজার ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে আরো দু’টি মামলা করেছে পু্লিশ।

বগুড়ার শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতেই এসআই বুলবুল বাদী হয়ে  একটি মামলা করেছিলেন।

পরদিন শুক্রবার এসআই তাজমিলুর রহমান বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি পৃথক মামলা করেন।

ওসি আরো বলেন, এসব মামলায় বৃহস্পতিবার রাতেই ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর: বৃহস্পতিবার গাড়ি ভাংচুরের ঘটনায় ছয় শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে জয়দেপুর, টঙ্গী ও কালীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই মহব্বত কবির বলেন, বৃহস্পতিবার গাজীপুর বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন এসআই মো. আশরাফুজ্জামান।

সদর উপজেলা জামায়াতের আমীর মো. হোসেন আলী ও তার ভাই রওশন আলীসহ ১৯ জনের নামে উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০-৩০০ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে মামলার আসামি করা হয়।

বৃহস্পতিবার ঘটনার সময় ওই দুই সহোদর গ্রেপ্তার হন।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, টঙ্গী কলেজ গেইট ও হোসেন মার্কেট এলাকায় বৃহস্পতিবার গাড়ি ভাংচুরের ঘটনায় রাতে আরো একটি মামলা দায়ের করেছেন এসআই মো. আজিজ।

দ্রুত বিচার আইনে করা ওই মামলায় টঙ্গী থানা জামায়াতের আমির গোলাম কুদ্দস, সেক্রেটারি মো. আফজাল হোসেনসহ ২০জনের নাম উল্লোখসহ অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।   

এদিকে কালীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাস ভাংচুরের ঘটনায় শুক্রবার দুপুরে বাস চালক শামীম বাদী হয়ে জামায়াত শিবিরের ২৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের মাহেশপুরে ৫৩ জনের নাম উল্লেখসহ একহাজার জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের উপর হামলার অভিযোগে এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে শুক্রবার এ মামলা করেন। অবশ্য মামলায় এখন কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে জেলার কোটচাঁদপুরে পুলিশের উপর হামলা, বোমা নিক্ষেপ, অস্ত্র-গুলি লুট ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দু’শো জনের নাম উল্লেখ করে আরো ছয় হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নড়াইল: নাশকতার সৃষ্টির আশংকায় নড়াইলে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, সাঈদীর ফাঁসির আদেশের খবরে এলাকায় নাশকতা সৃষ্টি করতে পারে আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার বিকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দলটির সাতকর্মী আহত হয়েছে।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত তিন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ গোলাম জানিয়েছেন, কেন্দ্রীয় বাইতুন্নুর জামে মসজিদ থেকে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

মিছিলকারীরা পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। এসময় আনছার আলী (৫৫), জামিয়ার রহমান(৬৫), লিখন মিয়া (১৮), আব্দুর রশিদ (২৯) ও লিটনসহ(২৮) ৭ জন আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মাগুড়ার এলাকার আনছার আলী (৫৫), ছাদুরারপুল এলাকার জামিয়ার রাহমান (৬৫), মৌলবীরহাট এলাকার লিখন মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে।

রংপুর: রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায় বৃহস্পতিবার জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় দলটির পাঁচ হাজার নেতাকর্মীর নামে পৃথক তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে দুটি এবং স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মিঠাপুকুর থানার ওসি শামীম হাসান ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর গোলাম রব্বানীসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এসআই জিয়াউর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন হাজার জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা করেছেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক প্রধান সাজু।”

পীরগাছা থানার ওসি বজলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা জামায়াতের আমীর মোত্তালেব হোসেন ও সেক্রেটারি বজলুল রশীদ মুকুলসহ ৭১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই হাজার জামায়াত-শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন এসআই মিজানুর রহমান।    

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় শুক্রবার দু’টি মামলা হয়েছে।

মামলায় সাত শিবির নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০জনকে আসামি করা হয়েছে।

শহরের রেলীবাগান এলাকার বাসিন্দা পিকআপ ভ্যান চালক আকতার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনের একটি মামলা করেন।

অপর মামলার বাদী সদর মডেল থানার এসআই নজরুল ইসলাম।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের বলেন, বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার ১নং মাধবপাশা ছোট মসজিদ সংলগ্ন এলাকার মো. ইউসুফ আলী (১৯), বন্দরের মেরিন টেকনোলজির শিপ বিল্ডিং ডিপ্লোমা তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নূর আলম সাঈদ (২০) ও কুমিল্লার লাকসাম থানার বিনগর গ্রামের বাসিন্দা ইকবালকে (২৫), মামলায় আসামি দেখান হয়।

চাঁদপুর: বৃহস্পতিবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতার ঘটনায় শুক্রবার ৪৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

এর মধ্যে চাঁদপুর সদর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কচুয়া থানায় দায়ের করা মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩শ’ জনকে আসামি করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি করা হয়।