খালেদা যুদ্ধাপরাধীদের পক্ষেই: হানিফ
হরতাল ডেকে খালেদা জিয়া নিজেকে যুদ্ধাপরাধীদের পক্ষে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, “তার (খালেদা জিয়া) বক্তব্যই প্রমাণ করেছে যে, তিনি যুদ্ধপরাধীদের পক্ষে ছিলেন, পক্ষে আছেন এবং পক্ষে থাকবেন। তিনি যে, মুক্তিযুদ্ধের পক্ষে নয়- সেটাই তিনি প্রমাণ করেছেন”।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশজুড়ে চলমান সহিংসতা ও হতাহতের ঘটনাকে সরকারের ‘গণহত্যা’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন করে ৫ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন খালেদা জিয়া।
জামায়াতের নায়েবে আমির সাঈদীর রায় নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও বিএনপি চেয়ারপার্সন মনে করেন, এই ট্র্যাইবুনালের যে কোনো রায়ই ‘প্রশ্নবিদ্ধ’ হয়ে থাকবে। সাঈদীর ফাঁসির রায়ের পর বাংলাদেশে চলমান সহিংসতাকে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ’ উল্লেখ করে তাতে সমর্থন জানান খালেদা জিয়া।
এ বিষয়ে হানিফ বলেন, “কোনো কারণ ছাড়াই বিএনপি, জামায়াত-শিবির হামলা করে, ফাড়ি লুট করে, পিটিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের হত্যা করেছে। জনগণের জানমালের রক্ষা করতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে।”
“এ জন্য বিরোধীদলীয় নেতা আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের ভৎসনা করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেই একাত্মতা প্রকাশ করেছেন”, যোগ করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া অতীতের মতো মিথ্যাচারিতা করে উস্কানি দিয়ে যাচ্ছে।”
সাঈদীর রায়ের পরই জামায়াতের নেতাকর্মীরা রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে। সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। বিভিন্ন স্থানে হামলা হয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরেও।
সংবাদ সম্মেলনে খালেদা অভিযোগ করেন, “জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে সরকার পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।”
