হরতাল প্রত্যাখ্যানের আহ্বান মহিউদ্দিনের
জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল প্রত্যাখ্যান করে তরুণ সমাজকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার জুমার নামাজের পর চেরাগী পাহাড় মোড়ে ১৪ দল আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ‘প্রত্যাখান’ করে আগামী রোববার ও সোমবার টানা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন।
জামায়াত-শিবিররের তাণ্ডব প্রতিহত করার জন্য প্রতিটি এলাকায় কমিটি গড়ে তুলতেও বলেন মহিউদ্দিন চৌধুরী।
সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর নিউমার্কেট, স্টেশন রোড এলাকার বিভিন্ন বিপণি বিতানের ছাদ থেকে জামায়াত-শিবির কর্মীদের হামলার প্রসঙ্গে তিনি বলেন, “মসজিদ, মার্কেটে আশ্রয় দিয়ে জামায়াত-শিবিরকে তাণ্ডবে যারা সহায়তা করছেন তাদেরও হুঁশিয়ার করে দিচ্ছি। আপনারা তাদের সহায়তা করবেন না।”
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের বক্তব্যের প্রতিবাদে তরুণ সমাজ প্রতিবাদী হয়ে উঠেছিল। ঠিক একইভাবে জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে ২০১৩ সালের ১ মার্চ তরুণ সমাজ জেগে উঠেছে।
সমাবেশের আগে কদমমোবারক জামে মসজিদে নামাজ আদায় করেন মহিউদ্দিন চৌধুরী।
নামাজ শেষে জামায়াতে ইসলামীর একটি মিছিল চেরাগী পাহাড়ের দিকে আসতে চাইলে ছাত্রলীগ,যুবলীগ ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে মিছিলটি আন্দরকিল্লা থেকে সিরাজদ্দৌল্লা রোড হয়ে চকবাজারের দিকে চলে যায় এবং সেখানে তাণ্ডব চালায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু, ওয়ার্কার্স পার্টির নগর কমিটির সভাপতি আবু হানিফ, ন্যাপ’র সাধারণ সম্পাদক আলী আহামদ প্রমুখ।
