সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী দলগুলো
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে আগামী শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে খেলাফত আন্দোলনসহ কয়েকটি ইসলামী সংগঠন।
শুক্রবার জুমার নামাজের পর কামরাঙ্গীরচর হাফিজিয়া মাদ্রাসায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়ে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক সুলতান মহিউদ্দিন জানান, ব্লগারদের শাস্তির দাবিতে খেলাফত আন্দোলনসহ ৯টি ইসলামী দলের উদ্যোগে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও এই দাবিতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদউল্লাহ আশরাফ বলেন, “হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”
এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহীউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তার সংগঠনসহ সাতটি ইসলামী সংগঠন বায়তুল মোকাররমের বিক্ষোভ কর্মসূচি পালন করছে না।
তিনি বলেন, “কিন্তু আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে। তাই বিক্ষোভের স্থান পরিবর্তন করা হয়েছে।”
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়া হবে না বলে বৃহস্পতিবার জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের পুরানা পল্টনের দিকে উত্তর দিকের প্রধান ফটক বন্ধ রাখা হয়।
অস্থিতিশীলতা সৃষ্টির বিপক্ষে অবস্থান জানিয়ে সুলতান মহীউদ্দিন বলেন, “গণজাগরণ মঞ্চের বিপক্ষে আমরা নই। তবে সেখানে কয়েকজন নাস্তিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটুক্তি করায় আমরা ৭টি সমমনা ইসলামী দল সারাদেশে বিক্ষোভ করছি।”
বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ৯টি ইসলামী দলের নতুন জোটের কথা জানানো হয়। ‘দেশ ও ঈমান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে ৯টি ধর্মভিত্তিক দল একজোট হয়। জামায়াতপন্থি কোনো সংগঠনকে এ জোটে রাখা হয়নি।
