বৃহস্পতিবার সিঙ্গাইর যাবে বিএনপির তদন্ত কমিটি
বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইর যাচ্ছে, যেখানে রোববার গণজাগরণবিরোধী হরতালে সংঘর্ষে চারজন নিহত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মওদুদ আহমদ।
সিঙ্গাইরের ঘটনা তদন্তে বিএনপি যে কমিটি করেছে, তার আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির এই সদস্যকে।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “পত্রপত্রিকায় সিঙ্গাইরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিবর্ষণের যে ঘটনা প্রকাশিত হয়েছে, তা পড়ে মনে হয়েছে এক ভয়াবহ নরহত্যা ঘটানো হয়েছে।
“আমরা পুরো তদন্ত দল সিঙ্গাইরের গুলিবর্ষণে ঘটনা স্থল- গোবিন্দল ও জৈইল্লা গ্রাম পরিদর্শন করব।”
প্রকৃত ঘটনা দেশবাসীকে জানাতেই তদন্তের এই উদ্যোগ বলে বিএনপি নেতা জানান।
পাঁচ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- মুহম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক ও এ কে এম হাফিজুর রহমান।
এক সপ্তাহের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
