সঙ্কটে দেশ, সমাধান নির্বাচন: ফখরুল
দেশ এখন সঙ্কটে রয়েছে দাবি করে তা থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে গণজাগরণকে সরকার ‘ব্যর্থতা’ ঢাকতে ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সামনে এক সমাবেশে ফখরুল বলেন, “সরকার দেশে যে সঙ্কট তৈরি করেছে,তার একমাত্র পথ একটি সুষ্ঠু নির্বাচন। নির্দলীয় সরকারের অধীনে ওই নির্বাচন হতে হবে।”
সরকার দেশের মানুষকে বিভাজিত করছে দাবি করে তিনি বলেন, “শাহবাগের তরুণ প্রজন্মকে বলব, ভালবাসা ও সৌহার্দ্যের রাজনীতি নিয়ে দেশকে গড়ে তুলতে হবে। শুধু ফাঁসির দাবি করে দেশকে সুন্দর করা যাবে না।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া শাহবাগের আন্দোলন দেশে গণজাগরণ সৃষ্টি করেছে।
শাহবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে ইসলামী কয়েকটি দলের কর্মসূচি থেকে সম্প্রতি বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চ ও শহীদ মিনার ভাংচুর এবং জাতীয় পতাকা ছেড়া হয়।
এনিয়ে পুলিশের সঙ্গে ইসলামী দলগুলোর কর্মীদের সংঘর্ষে কয়েকজন নিহতও হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গত কয়েকদিনে সরকারের নিদের্শে পুলিশ বাহিনী সারাদেশে ৩০ জন ধর্মপ্রাণ মানুষকে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে। এতে দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার দেশকে অস্থিতিশীল করতে ভয়াবহ আগুন নিয়ে খেলছে।”
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তৌহিদী জনতার ওপর গুলিবর্ষণ করা হয়েছে। সরকারের চোখে তারা দেশের শত্রু।
“একজন ব্লগার রাজীব নিহত হওয়ার পর তার বাসায় সমবেদনা জানাতে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু ছাত্রলীগের হাতে নির্মমভাবে বিশ্বজিৎ খুন হওয়ার পর তার বাসায় প্রধানমন্ত্রী যাননি। এ থেকে প্রমাণ হয়, এই সরকার ও সরকার প্রধান মুরতাদের পক্ষে অবস্থান নিয়েছেন।”
স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, “সরকার একদিকে বলছে আইনের শাসনের কথা। অন্যদিকে শাহবাগের দাবির সঙ্গে একমত পোষণ করে বিচারের রায়ের বিরোধিতা করছে। সত্যিকার অর্থে শাহবাগ আন্দোলন সরকারের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।”
“কতিপয় ব্লগে ইসলাম ও হজরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করা হয়েছে। যারা এর প্রতিবাদ করছেন, তাদের ওপর পুলিশ বাহিনী গুলিবর্ষণ করছে। এ থেকে প্রমাণ হয়, সরকার ব্লগারদের পক্ষে অবস্থান নিয়েছে।”
নয়া পল্টনে মঙ্গলবার দলের কার্যালয়ের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ।
“মহীউদ্দিন খান আলমগীর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তর সালে একজন রাজাকার ছিলেন। তার নির্দেশে আজ জনগণের ওপর পুলিশ হামলা চালাচ্ছে।”
শাহবাগ থেকে ‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান’ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের দাবি জানানো হয়েছে। এরপর কয়েকটি স্থানে ব্যাংকটিসহ ইসলামী ছাত্রশিবির ‘নিয়ন্ত্রিত’ কয়েকটি কোচিং সেন্টার ভাংচুরও হয়েছে।
এছাড়া সাম্প্রদায়িক ‘উস্কানি’ ছড়ানোর জন্য দৈনিক আমার দেশ বন্ধ এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিও রয়েছে গণজাগরণ মঞ্চের।
ফখরুল বলেন, “কার স্বার্থে ও কাদের ইঙ্গিতে ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে? সংবাদপত্রের ওপর হামলা চালানো হচ্ছে?
“১৯৭২-৭৫ সালেও এভাবে তৎকালীন আওয়ামী লীগ বিরোধী মতকে বন্ধ করতে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এবার তারা নতুন প্রজন্ম দিয়ে আমার দেশ পত্রিকা বন্ধ এবং মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি তুলেছে।”
এসবকে সরকারের ‘ভেল্কিবাজি’ আখ্যায়িত করে বিএনপি নেতা বলেন, “সাগর-রুনি হত্যার বিচার না হওয়া, পুঁজিবাজার, হল-মার্ক, ডেসনিটি কেলেঙ্কারি, পদ্মা সেতু নির্মাণে ব্যর্থতা আড়াল করতে সরকার এসব ভেল্কি খেলা খেলছে। জনগণ তা বুঝে গেছে।”
‘পুলিশ-র্যাব ও যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক মানিকগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য-বিশৃঙ্খলা ও মানুষ হত্যার’ প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
ফখরুল বলেন, হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। প্রতিনিয়ত খুন-গুম-হত্যার ঘটনা ঘটছে।
“আমাদের নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে নিখোঁজ হয়ে আজো ফিরে আসেনি। সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু, সুরাইয়া বেগমকে বিডিআর বিদ্রোহের মিথ্যা মামলায় জড়িয়ে পাঁচবছর যাবত কারাগারে বন্দি করে রাখা হয়েছে। এ হচ্ছে বিরোধী দলকে নির্মূলের নমুনা।”
খোকার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
