২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের তিন নেতাকে হাজির হতে ‘শেষ’ সময়

বিচারাধীন বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা নিয়ে হাজির হতে জামায়াতে ইসলামীর তিন নেতাকে শেষবারের মতো সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

জামায়াতের এই তিন নেতা হলেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এমপি ও ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল মো. সেলিম উদ্দিন।

তাদের আগামী ৩ মার্চ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। না হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউশন বিভাগ।

প্রসিকিউটর রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ওই তিন নেতা সেদিন হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্যবস্থা কী হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, “আমরা গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেছি। তবে ট্রাইব্যুনাল কী নির্দেশ দেবে, বলা যাচ্ছে না।”

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে ওই তিনজনের আইনজীবীরা সময়ের আবেদন করলে তাদের শেষ বারের মতো সুযোগ দেয় ট্রাইব্যুনাল।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও মো. শাহাদাত হোসেন তিন জামায়াত নেতাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে আবেদন করেন।

আবারো সময় চাওয়ার কারণ জানতে চাইলে আইনজীবীরা বলেন, হাজির হওয়ার জন্য ‘অনুকূল পরিস্থিতি’ তাদের ছিল না।

প্রসিকিউটর রানা দাশগুপ্ত তখন বলেন, তারা ট্রাইব্যুনালের আদেশ অমান্য করেছে। এজন্য তাদের বিরুদ্ধে প্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।

বিবাদীদের আইনজীবীরা দাঁড়িয়ে সময় চেয়ে ট্রাইব্যুনালকে বলেন, শেষ বারের মতো আরেকটি সুযোগ দেয়া হোক।

এরপর ট্রাইব্যুনাল ৩ মার্চ শেষ সময় দেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাদের সময় বাড়ানোর আবেদন শুনে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিল।

গত ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে নোটিস জারি করে ট্রাইব্যুনাল।

Image
গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে জামায়াতের এই সমাবেশ থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালবিরোধী বক্তব্য দেয়া হয়।

গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে জামায়াতের এই সমাবেশ থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালবিরোধী বক্তব্য দেয়া হয়।

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে জামায়াতের এক সমাবেশে সেলিম উদ্দিন বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”

জামায়াতের অপর নেতা হামিদুর রহমান আযাদ এমপি বলেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।

এরপর ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে তাদের বক্তব্য সম্বলিত খবর প্রকাশিত হলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ওই আদেশ দেয়।

এছাড়া রফিকুল ইসলাম খান গত ৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে বক্তব্য দেন। সে বিষয়টিও ট্রাইব্যুনাল আমলে নিয়ে তাকেও হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এর আগে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে বক্তব্য দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এছাড়া দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও বিএনপি নেতা এম কে আনোয়ারের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস জারি করে ট্রাইব্যুনাল।