শিগগিরই জামায়াত নিষিদ্ধ হবে: নাসিম
জনগণের চাওয়া অনুযায়ী সরকার খুব শিগগিরই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার বিকালে পাবনার চাটমোহর উপজেলায় সমাজ হাইস্কুল মাঠে প্রয়াত সাবেক সাংসদ মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
নাসিম বলেন, “জামায়াত গণতন্ত্রের লেবাসে তাদের দোসরদের যোগসাজশে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে বিষিয়ে তুলছে। তাই জনগণ এখন জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সরকারকে চাপ দিচ্ছে।”
“জনগণের দাবির মুখে এখন জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে,” বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, “যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে ঘর করে তারা দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ উপহার দিয়েছিল। তাই বিগত নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।”
জামায়াতের সঙ্গ ছেড়ে বিএনপিকে নির্বাচনের প্রস্ততি নেয়ারও পরামর্শ দেন আওয়ামী লীগ নেতা।
সাবেক সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দস, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।
