২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চক্রান্ত করছে জামায়াত: হানিফ

সরকারকে অস্থিতিশীল করতে জামায়াত কোরআন অবমাননার পরিকল্পনাসহ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করতে জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করার পরিকল্পনা হাতে নিয়েছে।

“এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে তার দায় প্রগতিশীল ভাবধারার রাজনীতির উপর চাপিয়ে দিতে চায় জামায়াত।”

মসজিদে আগুন, শহীদ মিনার ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সোমবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ ও পতাকা মিছিলে এসব কথা বলেন হানিফ।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট এদেশকে ব্যর্থ করার জন্যে ধ্বংসলীলায় মত্ত হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জামায়াত ধর্মে বিশ্বাস করে না। তারা মওদুদীবাদে বিশ্বাস করে। পাকিস্তানি ভাব ধারায় বিশ্বাস করে। জামায়াত-শিবির রাজনৈতিক হানাহানি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ধর্মগ্রন্থ অবমাননা করে ফায়দা লুটতে চায়।

তবে জনগণ তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, যারা পতাকা পোড়ায়, শহীদ মিনার ভাংচুর করে এদেশে তাদের নাগরিকত্ব থাকতে পারে না। রাজনীতি করার অধিকার রাখে না জামায়াত।

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি সম্পর্কে হানিফ বলেন, এটা আজ জনগণের দাবি। সরকার তাদের নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তৃতা করেন ঢাকা মাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্কংজ দেবনাথ।

সমাবেশ চলাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে ও মাথায় পতাকা বেঁধে সমাবেশে জড়ো হয়। পরে জাতীয় পতাকা মিছিল নিয়ে শত শত নেতাকর্মী শহীদ মিনারে যায়।

এদিকে বিডিআর বিদ্রোহ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডিয়ার বিদ্রোহে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি বিডিআর সদস্যরা বিদ্রোহ সংগঠিত করে ঝিগাতলার সদর দপ্তরে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন।