হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ: কামরুল
ইসলামী দলগুলোর হরতাল জণগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।
রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ এবং সহযোগী ও সমর্থক সংগঠনগুলোর হরতাল বিরোধী মানববন্ধনে কামরুল বলেন, "জনগণ তাদের এই হরতাল প্রত্যাখান করেছে। দোকানপাট খুলেছে, গাড়ি চলছে। সাধারণ মানুষ তাদের প্রতিহত করতে রাস্তায় বেরিয়ে এসেছে।"
প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে এবং দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে এমন কোনো তথ্য প্রচার করার অধিকার কোনো মিডিয়ার অধিকার নেই। কিন্তু ওই পত্রিকাটি (আমার দেশ) এটা করেছে। শুক্রবারের তান্ডবের পেছনে থেকে যারা ইন্ধন দিয়েছে তাদের বিচার অবশ্যই করা হবে।"
হরতালে শাহবাগবিরোধী ইসলামী দলগুলোর কর্মীদের তৎপরতা দেখা না গেলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজপথে ছিল হরতালবিরোধী মিছিল। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সরব ছিল।
শাহবাগে ‘ইসলামবিরোধী’ তৎপরতার অভিযোগ এনে গত শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে মুসল্লিদের মিছিল থেকে গণজাগরণ মঞ্চ ভাংচুর হয়, যাতে জামায়াত-শিবিরের উস্কানি ছিল বলে পুলিশ জানিয়েছে।
সেদিন পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে নিহত হয় চারজন। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে ইসলামী সমমনা ১২ দল।
ইসলামী ও সমমনা দলগুলোর রোববারের এই কর্মসূচি প্রতিরোধের ডাক দেয় গণজাগরণ মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগ থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ। মিছিল হয়েছে ঢাকার অন্য স্থানেও।
বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে যুব সংগ্রাম পরিষদের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ।
মিছিলে কেন্দ্রীয় যুবলীগ ও মহানগর যুবলীগের পাশাপাশি বিভিন্ন ওর্য়াড ও ইউনিট যুবলীগ নেতা-কর্মীরা অংশ নেয়। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে পল্টন মোড় ও গুলিস্তান এলাকা প্রদক্ষিন করে।
যুবলীগের মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ঢাকা দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।
এর আগে রাজধানীর মতিঝিল, মিরপুর, কমলাপুর, খিলগাঁও, লালবাগ, কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নেতা-কর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হয়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ডেও মিছিল করে নেতাকর্মীরা।
