২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৬ মার্চের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু সম্ভব’

গণজাগরণ মঞ্চ থেকে বেঁধে দেয়া সময়ের মধ্যেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নিষিদ্ধের পথ খুঁজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 11:28 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “২৬ মার্চের মধ্যেই জামায়াত নিষিদ্ধের পথ খুঁজে বের করা সম্ভব হবে। আইন মন্ত্রী জামায়াত নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখছেন।”

শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বৃহস্পতিবার যে ছয় দফা দাবি তুলে ধরে সময় বেঁধে দেয়া হয়েছে তাতে ২৬ শে মার্চের আগে স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।

হানিফ বলেন, “জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিদেশি চাপ আসবে না। পৃথিবীর কোন সুস্থ মানুষ মুক্তিযুদ্ধের সময় মা-বোনদের নির্যাতন ও গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ড জড়িত অপরাধীদের সমর্থন করতে পারে না। তাই এসব বিষয়ে কেউ বাধা দিবে না বলে আশা করি।

যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের অবস্থান কর্মসূচি। টানা ১৭দিন সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা আসে গণজাগরণ মঞ্চ থেকে।

নতুন কর্মসূচি অনুযায়ী, এখন ২৪ ঘণ্টা অবস্থানের কর্মসূচির বদলে সকাল থেকে রাত পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ ও বিকালে প্রতিবাদী গান চলবে প্রজন্ম চত্বরে। এর পাশাপাশি সমাবেশ চলবে বিভিন্ন স্থানে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, তরুণ প্রজন্মের উপর খালেদা জিয়ার আস্থা নেই তাই বিদেশি প্রভুদের ধরণা দিয়ে ক্ষমতায় যেতে চায়।

শাহবাগের গণজাগরণ মঞ্চ নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তরুণ প্রজন্মের গণজাগরণেও বিএনপি যুদ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান নিতে পারেনি।”

বিএনপির এই দুই নেতা দাবি করেছিলেন, সরকার ব্যর্থতা ঢাকতে শাহবাগের আন্দোলন শুরু করিয়েছে।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ।