২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ‘গণতন্ত্র মঞ্চ’ নির্মাণ করবে বিএনপি

নির্দলীয় সরকারের দাবিতে রাজধানীসহ সারাদেশে ‘গণতন্ত্র মঞ্চ’ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

নির্দলীয় সরকারের যৌক্তিক দাবিতে বিএনপির আন্দোলন চলছে উল্লেখ করেন শুক্রবার সকালে এক আলোচনা সভায় মওদুদ বলেন, “এই দাবি মানতে সরকারকে বাধ্য করতেই আমরা সময়মতো সারাদেশে অর্থাৎ রাজধানীসহ জেলা-উপজেলায় গণতন্ত্র মঞ্চ তৈরি করব।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলন সম্পর্কে মওদুদ আহমদ বলেন, “আমরা বলেছি, যুদ্ধাপরাধীর বিচারই দেশে একমাত্র ইস্যু নয়, আরো ইস্যু রয়েছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নানা ব্যর্থতার ইস্যুও রয়েছে। কিন্তু শাহবাগে সেগুলো উঠে আসেনি। তাই একক দাবিতে যাদের ইংগিতে ওই আন্দোলন শুরু হয়েছিল, গতকাল তাদেরই ইংগিতে আন্দোলনের পরিসমাপ্তি টানতে হয়েছে।”

“তাদের দাবি সার্বজনীন ছিল না। তাদের দাবিতে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দাবিগুলো ছিল না। সেজন্য তা বেশি দূর এগিয়ে নেয়া যায়নি”, যোগ করেন তিনি।

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে সরকারের ‘দ্বৈত অবস্থানের’ কঠোর সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী বলেন, “একদিকে সরকার আইনের শাসনের কথা বলছে, অন্যদিকে বিচারের রায়ের বিরুদ্ধে কথা বলছে। সাক্ষী না থাকলেও যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে হবে- এটা আইনের শাসনের পরিপন্থি।”

“সরকারই যুদ্ধাপরাধীর বিচার ট্রাইব্যুনাল গঠন করেছে। আবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে এখন প্রধানমন্ত্রী অবস্থান নিয়েছেন। দেশের মানুষের কাছে তাদের ষড়যন্ত্র আজ ধরা পড়ে গেছে। এরকম স্ববিরোধিতার জন্য বর্তমান সরকারকে একদিন মহাবিপদে পড়তে হবে বলে আমরা মনে করি।”

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে মহান ভাষা দিবসের প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন।