২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপপ্রচার চালাচ্ছে সরকার’

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাওয়া খালেদা জিয়া সম্পর্কে সরকার ‘অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত বুধবার ওই বিষয়ে নানা রকম মিথ্যাচার করেছেন। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার নিয়েও তিনি ঠাকুর মা‘র ঝুলি নিয়ে রূপকথার মতো গল্প শুনিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন।”

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এরকম মিথ্যাচার, কুৎসিত অপপ্রচার চালিয়ে সৈয়দ আশরাফরা তাদের দুর্নীতি ও ব্যর্থতাকে আড়াল করতে পারবে না।”

বুধবার এক আলোচনা সভায় আশরাফ বলেন, “তিনি (খালেদা জিয়া) শুধু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন। কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যেই তিনি এ সফরে গেছেন।”

এর প্রমাণ রয়েছে বলেও স্থানীয় সরকারমন্ত্রী দাবি করেন।

সিঙ্গাপুর থেকে খালেদা জিয়া লন্ডন গিয়েও ‘একটি পরাক্রমশালী দেশের’ সরকারের সঙ্গে বোঝাপড়া করবেন বলে আশরাফ দাবি করেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান খালেদা জিয়া। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, “বিরোধী দল ও নেতার বিরুদ্ধে আশরাফ সাহেব পরনিন্দা ও পরচর্চা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। তার এই তৎপরতা প্র্রমাণ করে, সরকার দিকবেদিক শূন্য হয়ে অস্থির মানুষের মতো প্রলাপ বকছেন। আমরা বলতে চাই, বিরোধী দলীয় নেতা ব্যক্তিগত সফরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে সরকার রাজনীতি করছে।”

“বাইরের শক্তির সঙ্গে আওয়ামী লীগেরই সম্পর্ক রয়েছে। এটা দেশবাসী ভালো করেই জানে। কেবল তাই নয়, ক্ষমতায় যাওয়ার জন্য ২০০৭ সালে কারা লগিবৈঠার আন্দোলনের নামে মানুষ হত্যা করে তার বুকের ওপর নৃত্য করেছে, কারা চার বছর বিরোধী নেতা-কর্মীদের হত্যা-গুম করেছে, তা দেশেবাসী ভুলে যায়নি।”

সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ,অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।