‘শাহবাগের আন্দোলন ছিনতাই হয়েছে’
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের ওপর ভর করে ‘ব্যর্থ’ আওয়ামী লীগ সরকার নির্বাচনের পথ পাড়ি দিতে চাইছে।
মঙ্গলবার বন্দরনগরীর জেলা পরিষদ মার্কেট চত্বরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি বলেন, “শাহবাগের আন্দোলন ছিনতাই হয়ে গেছে।
“সরকারের ওপর থেকে মানুষের আস্থা যখন উঠে গেছে, তখন তারা আদালতের কাঁধে ভর করতে চেয়েছিল। কিন্তু জনগণ তা বুঝে যাওয়ার কারণে শাহবাগের আন্দোলনে ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে।”
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব যুদ্ধাপরাধীর বিচার করবে।
“বর্তমান সরকার একটি ট্রাইবুন্যাল তৈরি করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে সিরাজ শিকদারসহ স্বাধীনতা পরবর্তী সব হত্যাকাণ্ডের বিচার করবে।”
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ রোজী কবির, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম চৌধুরী প্রমুখ।
সমাবেশে সব বক্তা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার দাবি জানান।
