২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির কর্মসূচি

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, বুধবার ২০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ২১ ফেব্রুয়ারি ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজ ধারণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ এবং আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত।

Image
BNP logo

BNP logo

 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, শফিউরসহ নাম না জানা অনেকে।

এরপর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়ই ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়।

ওই বিজ্ঞপ্তিতে ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করতে দলের নেতা-কর্মীদের বলাকা সিনেমা হল এবং মহিলাদলের নেতা-কর্মীদের পলাশীর মোড়ে জমায়েত হতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপু, শ্রমিক দলের নুরুল ইসলাম নাসিম, মহিলা দলের সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীন, ছাত্রদলের ফজলুল করীম চৌধুরী আবেদ, মহানগরের আবু সাঈদ খান খোকন, এম এ কাইয়ুম, শামসুল হুদা, আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকউল্লাহ আতিক, মোহাম্মদ মোহন, মুন্সী বজলুল বাসিত আনজু, আলী আজগর মাতাব্বর, আবদুল আলিম নকী, নুরজাহান মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।