২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশে মাইনাস টু থিওরির প্রেতাত্মা সক্রিয়’

‘১/১১’ এর সময়ের মতো এখনো দেশে ‘মাইনাস টু থিওরির প্রেতাত্মা’ সক্রিয় বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘ফখরুদ্দিন-মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ বলেন, “দেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য নিয়ে ১/১১ এর সরকার দুই বছর ক্ষমতায় ছিলো। দুই নেত্রীকে মাইনাস ও বিরাজনীতিকরণের কথা বলে তারা ক্ষমতায় এসেছিলো। তাদের অপশাসনে দেশ ২০ বছর পিছিয়ে গেছে।’’

তিনি এও দাবি করেন, ১/১১ এর সরকারের সঙ্গে ‘সমঝোতা’ করে মহাজোট সরকার ক্ষমতায় বসেছে। ওই ষড়যন্ত্র আজো চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহবান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ।

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রচিত ‘ফখরুদ্দিন-মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রকাশনা প্রতিষ্ঠান জ্ঞান বিতরণী বইটি প্রকাশ করে। ২৭২ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য ধরা হয়েছে চারশ’ টাকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, খন্দকার মোশাররফ হোসেনের ছোট ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান অতিথির বক্তব্যে সু্িরপ্রম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, রাজনীতিবিদরা ‘১/১১’ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে। এখনো দুই নেত্রীর মধ্যে কোনো দেখা-সাক্ষাৎ হয় না।

“আমি সব সময় আশা করি, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ সচল থাকা উচিৎ।’’

‘ফখরুদ্দিন-মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন’ বইয়ের বিষয়বস্তু সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রফিক-উল হক বলেন, বইটি পড়ার পর জেলে যাওয়ার আমার সখ হয়েছে। জেলে রাজনীতিবিদরা একসঙ্গে থাকেন। অথচ কারাগার থেকে বেরিয়ে একে অপরকে চেনেন না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতিবিদদের দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

খন্দকার মোশাররফ হোসেন বইটির পটভূমি তুলে ধরে বলেন, ‘‘যে কারণ দেখিয়ে ১/১১ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিলো, আজো মহল বিশেষ ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। যদি বর্তমান সরকার গায়ের জোরে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে, সেই নির্বাচনে বিএনপিসহ ১৮ দল ও জনগণ অংশ নেবে না।’’

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে বন্দি জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে মওদদু আহমদ বলেন, ওই সময়ে রাজনীতিবিদদের ওপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, দেশের ক্ষতি করা হয়েছে, সেই ফখরুদ্দিন-মইন উদ্দিন সরকারের অবশ্যই বিচার করতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তাদের বিচার করবেই।

“১/১১ এর সরকারের পেছনে একটি অপশক্তি কাজ করেছিলো। তারা দুর্নীতি দমন কমিশনের আইনের অপব্যবহার করে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হয়রানি করেছে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংবাদিক মেহেদি হাসান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।