কাটাখালির মেয়রের স্ত্রীর বিরুদ্ধে মামলা
রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র ও মতিহার থানা জামায়াতের আমির মাজেদুর রহমানের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন মেয়রের স্ত্রী মোস্তারি বেগম এবং ছেলে মিজানুর রহমান।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, সোমবার মেয়রের বাড়ি থেকে হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং জেহাদি বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেয়রের স্ত্রীকে আটক করা হয়েছে।
হরতালে পুলিশের উপর হামলার মামলা
ওসি আব্দুস সোবহান আরো বলেন, সোমবার হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনায় মতিহার থানায় আরেকটি মামলা হয়েছে।
উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে করা এ মামলায় ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৭ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
