২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী মিছিলে রাজপথ সরগরম

হরতাল আহ্বানকারী জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের তেমন দেখা না গেলেও হরতাল প্রত্যাখ্যান করে মিছিল হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সকাল থেকেই আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতাল প্রত্যাখানের আহ্বোন জানিয়ে বিভিন্ন সড়কে মিছিল করছেন।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। তাদের হরতাল প্রত্যাখ্যান করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দেশবাসীর প্রতি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আহ্বান জানানো হয়।

সোমবার সকালে হরতালের শুরু থেকেই রাজধানীতে অন্য হরতালের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা যায়। কাজ চলছে অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও।

সকাল সাড়ে ৮টার দিকে কারওয়ানবাজারে হরতালবিরোধী মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আধা ঘণ্টা পরে মগবাজারে হরতালবিরোধী মিছিল নিয়ে বের হয় ছাত্রলীগ।

রাজধানীতে জামায়াত-শিবিরের সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত হয়ে ওঠা মতিঝিল-পল্টন এলাকায় এদিন তাদের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। বরং সকাল ৯টার দিকে সেখানে হরতালবিরোধী মিছিল করেছে সোনালী, অগ্রণী, রূপালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মীরা।

জীবনবীমা কর্পোরেশনের সিবিএ নেতাকর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে সেখানে আবারো হরতালবিরোধী মিছিল করে।

ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সরকারি প্রতিষ্ঠানের মতো বেসরকারি ব্যাংক-বীমাসহ সব প্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজ-কর্ম চলছে বলে ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক শেখ আব্দুল্লাহ।

তিনি বলেন, মতিঝিল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে কোনো প্রভাব পড়েনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে।

এদিকে, হরতালের মধ্যে সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চের যাত্রী সংখ্যা অন্য দিনের মতো বলেই জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদার।

তিনি বলেন, সকাল থেকে সদরঘাটসহ আশপাশের এলাকায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। দোকানপাটও খুলেছে। চলছে যানবাহন।

সকাল সাড়ে ১০টার দিকে সদরঘাট শ্রমিক লীগের উদ্যোগে ওই এলাকায় একটি হরতালবিরোধী মিছিল হয়। এছাড়া কাকরাইল, কমলাপুর, বায়তুল মোকাররম এলাকায় সকাল থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখা যায় বলে জানান তিনি।

বেলা ১১টার দিকে পল্টনে হরতালবিরোধী মিছিল বের করে শ্রমিক ইউনিয়ন। প্রায় একই মহাখালী-গুলশান সড়কে হরতালবিরোধী মিছিল করতে দেখা যায়।

এ মিছিল থেকে হরতাল প্রত্যাখ্যানের পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানানো হয়।