২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সিলেটে যানবাহন ভাংচুর

গাড়ি ভাংচুর ও বিক্ষিপ্ত বোমাবজির মধ্য দিয়ে সিলেটে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 05:48 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সকাল সাতটায় নগরীর ওসমানী মেডিকেল কলেজের সামনের সড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। তারা সড়কে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ করে এবং তিনটি আটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময় পিকেটাররা কয়েকটি হাতবোমা ফাটিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে।

হারতালে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও সকালে ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাটও বন্ধ ছিল।

আইন-শৃঙ্খলা রক্ষায় নগরীতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিচেছ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ঘটলেও বিশৃঙ্খলা এড়াতে নগরীর সবকটি গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এদিকে সিলেট থেকে সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।